রামু (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের রামু উপজেলা জুড়ে এবার শসার বাম্পার ফলনে খুশি কৃষকরা। উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে কয়েকটি ইউনিয়নে ব্যাপক আকারে শসা চাষ হয়েছে। বিশেষ করে কচ্ছপিয়া ইউনিয়ন এর ফকিন্নি চর, ফাক্রিকাটা চর, তিতারপাড়া চর, গর্জনিয়া ইউনিয়ন এর ডেইঙ্গা চর ও মরিচ্যা চর এবং পাশ্ববর্তী দোছড়ি ইউনিয়ন এলাকায় শসার বাম্পার ফলন হয়েছে।

স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা জানান, অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত সেচ সুবিধা এবং কৃষকদের পরিশ্রমের কারণে এবার শসার উৎপাদন অনেক ভালো হয়েছে। মাঠজুড়ে সবুজ শসার সমারোহ দেখে খুশি কৃষকরাও।

চাষিরা জানান, স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে এসব শসা দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। প্রতিদিন পাইকাররা মাঠ থেকে সরাসরি শসা কিনে নিয়ে যাচ্ছেন। এতে কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন এবং আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

কৃষক আলম, হাকিম, জয়নাল ও অলি আহমেদ বলেন, “গত বছরের তুলনায় এবার শসার ফলন অনেক ভালো হয়েছে। বাজার দরও ভালো থাকায় আমরা লাভবান হচ্ছি। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে আরও ভালো উৎপাদন হবে।”

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রামুর শসা এখন কক্সবাজার ছাড়িয়ে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। ফলে এলাকার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।

এদিকে কৃষি বিভাগ বলছে, কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহিত করতে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। আগামীতে আরও বেশি জমিতে শসা চাষের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন।