ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সরকারের অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৬ মে) সকালে নাজিরহাট উপজেলা খাদ্য গুদামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ আসনের বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর বলেন, কৃষকরা দিনরাত পরিশ্রম করে ধান উৎপাদন করেন। রোদ-বৃষ্টি ও ঝড় উপেক্ষা করে তাঁদের ঘামের ফসল দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে। কিন্তু অনেক সময় কৃষকরা তাঁদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পান না। তাই সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহের উদ্যোগ নিয়েছে, যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে এবং প্রকৃত কৃষকরা লাভবান হন।
তিনি আরও বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে।” প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সরকার কৃষিবান্ধব সরকার উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হয়েছে এবং বিনামূল্যে সার ও ধানের বীজ বিতরণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিম-এর সভাপতিত্বে এবং উপজেলা এলএসডি কর্মকর্তা রোমন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার মোস্তাফিজুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন।