মোংলা (বাগেরহাট) সংবাদদাতাঃ মোংলায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজা, মাদক বিক্রির নগদ অর্থ এবং ডিজিটাল পরিমাপক যন্ত্রসহ লাভলু মোল্লা (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার মিঠাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মোংলা থানার এসআই দেবাশীষ ম-লের নেতৃত্বে একটি দল সাতঘরিয়া এলাকায় লাভলু মোল্লার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হলেও লাভলুকে আটক করা হয়।

পরবর্তীতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি টিনের বাক্সের ভেতর থেকে সাদা পলিথিনে রাখা ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজা বিক্রির অভিযোগে ১ হাজার ২০০ টাকা নগদ অর্থ এবং মাদক পরিমাপের কাজে ব্যবহৃত একটি ডিজিটাল স্কেল জব্দ করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া আলামত গ্রেফতারকৃত ব্যক্তি নিজেই বের করে দেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, এ ঘটনায় গ্রেফতার হওয়া লাভলু মোল্লা ও পলাতক আরেক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। তিনি আরও জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।