জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক মো. গোলাম রসুল।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং সাধারণ মানুষের জন্য আরও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভায় তিনি এ আহ্বান জানান। সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার বর্তমান পরিস্থিতি, রোগীদের সুযোগ-সুবিধা এবং হাসপাতালের অবকাঠামোগত বিভিন্ন বিষয় তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব। আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবুর রহমান, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামানসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. গোলাম রসুল বলেন, অভয়নগরের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা তাঁর অন্যতম অগ্রাধিকার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি হাসপাতাল ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
গোলাম রসুল বলেন, “মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে হলে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। জনপ্রতিনিধি, চিকিৎসক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।”
হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল সংস্কারকৃত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি রোগীদের কাছ থেকে হাসপাতালের চিকিৎসাসেবা ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে মতামত শোনেন।
সভায় বক্তারা বলেন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। হাসপাতালের পরিবেশ, চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভা শেষে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা এবং স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।