সাতক্ষীরা বিচার বিভাগের বিচারক, জনবল ও অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সাতক্ষীরার বিচার বিভাগের স্থানীয় সমস্যাগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। এসব সমস্যা সমাধানের উপায় ও সুপারিশগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে সাতক্ষীরার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন আইনমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম।

সভায় সীমান্তবর্তী জেলা সাতক্ষীরাকে মাদকমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, মাদক নির্মূলে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দ্রুত বিচার কার্যক্রমে সামারি ট্রায়ালের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বিচারপ্রার্থীদের দ্রুত বিচার নিশ্চিত করতে মামলা নিষ্পত্তির হার বাড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বিচারকদের কর্মঘণ্টা যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন। তিনি লিগ্যাল এইড কার্যক্রমকে আরও জনবান্ধব করার পাশাপাশি মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে মামলাজট কমানোর আহ্বান জানান।

স্থানীয় বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা হবে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে। সাতক্ষীরায় নতুন করে সৃষ্ট ২৩টি আদালতে দ্রুত বিচারক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হবে।

পরে আইনমন্ত্রী সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, জামায়াতে ইসলামির আমির,সেক্রেটারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধী সমাজের প্রতিনিধিরা জেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনার কথা তুলে ধরেন।

সফরের অংশ হিসেবে বিকেলে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আরও একটি সভায় আইনমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে।