কুমিল্লা অফিস : দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এমডিকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ষড়যন্ত্র এবং ব্যাংক লুটেরা এস আলম গ্রুপের নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে ব্যাংক দখলের পাঁয়তারার প্রতিবাদে কুমিল্লায় বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত নারী-পুরুষ সাধারণ গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
রবিবার সকাল ১০টায় নগরীর কান্দিরপাড় এলাকায় ইসলামী ব্যাংক কুমিল্লা শাখা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংক রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যাংকের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের বর্তমান এমডিকে জোরপূর্বক অবসরে পাঠিয়ে একটি স্বার্থান্বেষী মহল ব্যাংকটির নিয়ন্ত্রণ দখলের অপচেষ্টা চালাচ্ছে। তারা বলেন, অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকা-ের সঙ্গে জড়িত এস আলম গ্রুপ আবারও ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের চেষ্টা করছে, যা দেশের ব্যাংকিং খাত ও সাধারণ গ্রাহকদের জন্য উদ্বেগজনক।
বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক জাকির হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, তাহমিনা বানু ও শামিমা নারগীস। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ হোসাইন।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের লাখো মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। একটি সফল ও জনমুখী আর্থিক প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র দেশের অর্থনীতির জন্য হুমকি। তারা অবিলম্বে ব্যাংকে সব ধরনের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বন্ধ এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, গ্রাহকদের আস্থা রক্ষা এবং ব্যাংক দখলের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
সাভার : ইসলামী ব্যাংক বাংলাদেশ পরিচালনা পর্ষদে এস আলম গ্রুপের অবৈধ প্রবেশ এবং ব্যাংকিং খাত ধ্বংসের প্রতিবাদে সাভারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ গ্রাহকরা। গতকাল রবিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ সচেতন গ্রাহক ফোরামের’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যাংকের শতশত নারী-পুরুষ গ্রাহক হাতে হাত ধরে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, গত কয়েক বছরে একটি নির্দিষ্ট গোষ্ঠী নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এর ফলে সাধারণ গ্রাহকদের আমানত চরম ঝুঁকিতে পড়েছে এবং দেশের অন্যতম শীর্ষ এই ব্যাংকিং প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছে। তারা অবিলম্বে ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে অবৈধ দখলদারদের অপসারণ এবং গ্রাহকদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এসময় কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ সচেতন গ্রাহক ফোরামের সমন্বয়ক শামসুল আলম এবং সাধারণ গ্রাহক সোহেল রানা ও দিলওয়ারাসহ স্থানীয় ব্যবসায়ীরা। বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে এই আন্দোলন আগামীতেও অব্যাহত থাকবে।
হাটহাজারী (চট্টগ্রাম) : ইসলামী ব্যাংকের ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। শনিবার সকালে হাটহাজারী পৌরসভার কাচারী সড়কের মাথায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশে আয়োজিত এ কর্মসূচিতে কয়েকশত গ্রাহক অংশগ্রহণ করেন।
হাটহাজারী ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক ও হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম এ বাশারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. ইয়াছিন আরাফাত কোম্পানির সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক একরামুল হক, সত্য নন্দী বণিক, মো. ফরিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে এস আলম গ্রুপের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট ও বিদেশে পাচার করা হয়েছে, যা দেশের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তারা অভিযোগ করেন, নতুন করে সেই লুটেরাদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের উদ্যোগের বিরুদ্ধে গ্রাহক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
ভোলা : ভোলায় ইসলামী ব্যাংক বাংলাদেশে -এর গ্রাহকদের ব্যতিক্রমধর্মী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ, এএমডি কামাল উদ্দিন জসীমের বহিষ্কার এবং সাবেক চেয়ারম্যান মোঃ ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে এ কর্মসূচিতে অংশ নেন শতাধিক গ্রাহক।
রবিবার (২৪ মে) সকাল ১১টায় ভোলা মেইন ব্রাঞ্চের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা “গ্রাহকদের আস্থা ফিরিয়ে দাও”, “ইসলামী ব্যাংককে ধ্বংস হতে দেওয়া হবে না” এবং “সুশাসন নিশ্চিত করো”—এমন নানা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংকের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করছে। তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে থাকা ইসলামী ব্যাংককে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা গ্রাহকরা মেনে নেবেন না।
বক্তারা আরও বলেন, সাবেক চেয়ারম্যান মোঃ ওমর ফারুক খানের নেতৃত্বে ব্যাংকের সুনাম ও গ্রাহকসেবা আরও শক্তিশালী হয়েছিল। তাই ব্যাংকের স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে তাকে পুনর্বহাল করা জরুরি।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, “ইসলামী ব্যাংক শুধু একটি ব্যাংক নয়, এটি দেশের লাখো মানুষের বিশ্বাস ও আমানতের জায়গা। অতীতে একটি গোষ্ঠীর কারণে ব্যাংক বড় ধরনের সংকটে পড়েছিল। আমরা চাই না আবারও সেই পরিস্থিতি ফিরে আসুক।”
রাজবাড়ী : ইসমামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অর্থ পাচারকারী এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার ও বর্তমান চেয়ারম্যান ড.এম জুবায়দুর রহমানের পদত্যাগ, ব্যাংকের এম ডি কামাল উদ্দিন জসীমকে অবিলম্বে বহিষ্কার, ব্যাংকের কাজে অবৈধ হস্তক্ষেপ বন্ধ, এমডি মোঃ ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২৪ মে) সকাল ১০ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন ইসলামি ব্যাংক পিএলসি রাজবাড়ী শাখার সাধারণ গ্রাহকরা।
মানববন্ধনে মাওলানা জাকির হোসেনের সঞ্চালনায় রাজেন্দ্র কলেজের প্রাক্তন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগী প্রধান অধ্যাপক ডঃ মোঃ মতিউর রহমান, রাজবাড়ী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আক্কাস আলী, আলগাজ্জালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দেশের ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ যারা বিদেশে পাচারের করে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করেছে, দ্রুত তদন্ত সম্পন্ন করে তাদের আইনের আওতায় আনার দাবি জানান।
ব্রাহ্মণবাড়িয়া : দেশের সর্ববৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’-এর স্থিতিশীলতা রক্ষা, সুশাসন নিশ্চিত, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং এমডি ওমর ফারুকের পুনর্বহাল ও চেয়ারম্যানের পদত্যাগের
দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৪ মে) সকাল ১০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া ইসলামী ব্যাংক শাখার সামনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক সচেতন ফোরাম-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ব্যাংকের বিপুল সংখ্যক নারী ও পুরুষ গ্রাহক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
যশোর : দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-কে ঘিরে সাম্প্রতিক অনিশ্চয়তা, আর্থিক অনিয়মের অভিযোগ ও বিভিন্ন বিতর্কের প্রেক্ষাপটে যশোরে গ্রাহকদের উদ্যোগে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে) সকাল ১০টায় যশোর শহরের আর এন রোডে ইসলামী ব্যাংক যশোর শাখার সামনে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো গ্রাহক, ব্যবসায়ী, প্রবাসী পরিবারের সদস্য, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি দেশের কোটি মানুষের আস্থা, বিশ্বাস ও অর্থনৈতিক নিরাপত্তার প্রতীক। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ, প্রবাসী বাংলাদেশি ও ব্যবসায়ীরা এ ব্যাংকের ওপর নির্ভরশীল। কিš‘ সাম্প্রতিক সময়ে ব্যাংকটিকে ঘিরে নানা অনিয়ম, ঋণ কেলেঙ্কারি, মালিকানা পরিবর্তন ও অস্বচ্ছতার অভিযোগে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ক্ষুণœ করার অপচেষ্টা চালাচ্ছে। এর ফলে প্রায় ৩ কোটি গ্রাহকের আমানত ও ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে স্বচ্ছ তদন্ত, জবাবদিহিতা ও কার্যকর সংস্কারের মাধ্যমে ব্যাংকটির সুনাম ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের দাবি জানান তারা।
সমাবেশ থেকে ইসলামী ব্যাংক পুনরুদ্ধারে ১০ দফা দাবি ঘোষণা করা হয়। দাবিগুলোর মধ্যে গত এক দশকের বড় ঋণ বিতরণ, মালিকানা পরিবর্তন, আর্থিক লেনদেন ও বিতর্কিত সিদ্ধান্তসমূহের আন্তর্জাতিক মানসম্পন্ন নিরপেক্ষ ফরেনসিক অডিটের দাবি বিশেষ গুরুত্ব পায়। বক্তারা বলেন, প্রকৃত তথ্য উদঘাটন ছাড়া ব্যাংকিং খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়।
মানববন্ধন থেকে সরকার ও বাংলাদেশ ব্যাংক-এর প্রতি জনগণের আমানতের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আর্থিক অনিয়মে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত পরিচালনা ও শ্বেতপত্র প্রকাশের দাবিও তোলা হয়।
বক্তারা আরও বলেন, দেশের ব্যাংকিং খাতকে রাজনৈতিক ও গোষ্ঠীগত প্রভাবমুক্ত করতে না পারলে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা কঠিন হবে। ইসলামী ব্যাংকসহ দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সৎ, দক্ষ ও পেশাদার নেতৃত্ব নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বড় আমানতকারী, প্রবাসী গ্রাহক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি গ্রাহক পরামর্শ ফোরাম গঠনের দাবি জানানো হয়।
শ্রীপুর (মাগুরা) : মাগুরায় ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে আট দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, মাগুরা জেলা শাখা।
রোববার (২৪ মে) বেলা ১১টায় কলেজ রোডের ইসলামী ব্যাংক মাগুরা শাখার সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করেন ।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম মাগুরা জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, বিশিষ্ট ব্যাংকার ও গ্রাহক মোঃ মাসুদুল আলম, মোহাম্মদ খাইরুল ইসলাম ও মোঃ মারুফ হোসেনসহ অন্যরা।
বক্তারা বলেন, আওয়ামী সরকারের আমলে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে ব্যাপক লুটপাট চালিয়েছে। ২০২৪ সালে ব্যাংকটি লুটেরাদের কবল থেকে উদ্ধার করা হলেও আবারও সেই চক্রকে ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে বিভিন্নভাবে হস্তক্ষেপ করা হচ্ছে এবং সুশাসন ব্যাহত করা হচ্ছে।
ঝিনাইদহ : ঝিনাইদহে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর গ্রাহকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রোববার সকালে শহরের শের-এ বাংলা সড়কে ইসলামী ব্যাংক শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে ব্যাংকের দুই শতাধিক গ্রাহক অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের নেতা ড. মোস্তাফিজুর রহমান মানিক, আব্দুল কুদ্দুস, জিয়াউল ইসলাম খান, হাদী মোহাম্মদ, আব্দুর রহমান সালাফী, সদস্য সচিব মো. আব্দুল মোমেন, সবুর আহম্মেদসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করে বলেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন হস্তক্ষেপে দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্তের কারণে ইসলামী ব্যাংকের স্বকীয়তা ও কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে শুধু ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রমই ব্যাহত হচ্ছে না, দেশের অর্থনীতি ও লাখো গ্রাহকের আমানতের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
এ সময় বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুককে সাময়িক ছুটিতে পাঠিয়ে তাকে স্থায়ীভাবে ব্যাংক থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। তারা এ ধরনের উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ওমর ফারুককে তার দায়িত্বে পুনর্বহালের দাবি জানান।
পাশাপাশি ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা অক্ষুণ্ন রাখা, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
সীতাকু- (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকু- উপজেলায় ইসলামী ব্যাংককে ঘিরে চলমান নানা ষড়যন্ত্র, অপপ্রচার ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে ২৪মে রবিবার সকাল ১০টায় সীতাকু- ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলার ডি.টি রোডে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন মোঃ আবুল হোসেন, ডাঃ কামাল উদ্দিন, নুরুল গনি, মোঃ কামাল প্রমুখ। বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। একটি মহল পরিকল্পিতভাবে ব্যাংকটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে, যা দেশের ব্যাংকিং খাতের জন্য হুমকি স্বরূপ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ইসলামী ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থা দীর্ঘদিনের। গ্রাহকদের স্বার্থ রক্ষায় এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের ষড়যন্ত্র ও গুজব বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বক্তারা আরও বলেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। তারা অবিলম্বে এসব অপতৎপরতা বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে ইসলামী ব্যাংক পিএলসি-এর সামনে মানববন্ধন করেছেন ব্যাংকটির বিভিন্ন পর্যায়ের গ্রাহকেরা। তাঁরা ব্যাংকের স্থিতিশীলতা ফিরিয়ে আনা, গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।
রোববার (২৪ মে) সকাল ১০টায় শহরের দুই নম্বর রেল গেট সংলগ্ন ইসলামী ব্যাংক নারায়ণগঞ্জ শাখার সামনে ‘সচেতন গ্রাহক ইসলামী ব্যাংক’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ওমর ফারুক, মাহবুব, আক্তার হোসেন, মুফতি আতিকুর রহমান, এডভোকেট আক্তার হোসেন, সারোয়ারুল আলম, কাজী হান্নান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের ছুটি বাতিল করে তাঁকে পুনর্বহালের দাবি জানান তাঁরা।
এ ছাড়া বক্তারা ব্যাংক খাতে বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে আসা, গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়—এমন কার্যক্রম বন্ধ করা এবং প্রকৃত মালিকদের হাতে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
মানববন্ধন থেকে আরও দাবি জানানো হয়, বিভিন্ন গ্রুপের দখলে থাকা ব্যাংকের শেয়ার দ্রুত নগদায়নের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেই অর্থ দিয়ে সংশ্লিষ্ট ঋণ দায় পরিশোধের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে ব্যাংক খাতে সংঘটিত অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারির সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, ব্যাংকের অভ্যন্তরীণ পরিবেশ নষ্ট ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এএমডি কামাল উদ্দিন জসিমকে অবিলম্বে অপসারণ করতে হবে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক অংশ নেন এবং তাঁদের উদ্বেগ ও দাবি তুলে ধরেন।
টাঙ্গাইল : ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসির বিরুদ্ধে নানামুখি ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে (রবিবার ) দুপুরে ইসলামি ব্যাংক টাঙ্গাইল শাখার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে ব্যাংকের গ্রাহকেরা। গ্রাহকেরা তাদের বক্তব্যে বলেন , সরকার ও বাংলাদেশ ব্যাংক পরিকল্পিতভাবে ইসলামি ব্যাংক ধ্বংসের চেষ্টা করছে। বক্তারা ব্যাংকের এমডি ওমর ফারুক খানের বাধ্যতামূলক ছুটির তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে তার পদে পুনর্বহাল করার দাবি জানান। সরকারের ব্যাংক লুট কারী এস আলমকে পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইসলামি ব্যাংক কাউকে দখল করতে দিবো না। পাশাপাশি ব্যর্থ চেয়ারম্যান ড. জুবায়দুর রহমান ও ক্ষমতালোভী এএমডি কামাল উদ্দিন জসিমকে বহিষ্কারের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, ব্যবসায়ী লিটন, মশিউর রহমান, অধ্যাপক মোস্তফা কামাল,সোহানুর রহমান শাহীন, অধ্যাপক রেজাউল করিম সুজন, ডা. শামসুল হক, হাসান আল মামুন প্রমুখ।
মৌলভীবাজার : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের কুসুমবাগ শাখা কার্যালয়ের সামনে গ্রাহকরা এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং লাখো মানুষের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। একটি সফল ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যাংকের গ্রাহক ইসমাইল হোসেন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রাহক আজিজ আহমদ কিবরিয়া, এইচ এম আলাউদ্দিন, সুমন আহমদ, রাইসুল হাসান সুজন, মাওলানা হোসাইন আহমদ ও মুক্তাদির হোসাইন প্রমুখ। মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, গ্রাহকদের আস্থা রক্ষা এবং যেকোনো ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।
পিরোজপুর : সচেতন গ্রাহক ফোরাম পিরোজপুর এর উদ্যোগে ইসলামী ব্যাংক পিরোজপুর শাখার সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহবায়ক জাহিদুল ইসলামের নেতৃত্বে সকাল সোয়া দশটায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক অংশগ্রহণ করেন। জাহিদুল ইসলামসহ বক্তাগন তাদের বক্তব্যে অবিলম্বে ব্যাংকের পরিচালক জুবায়দুর রহমানের পদত্যাগ এবং ফারুক খানকে পুনর্বহালের দাবি জানান। মানববন্ধনে বক্তাগণ তাদের বক্তব্যে ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্র, ব্যাংকের পাচারকৃত হাজার হাজার কোটি টাকা ফিরিয়ে আনার, ব্যাংকের দক্ষ যোগ্য কর্মকর্তাদের বাদ দিয়ে অদক্ষ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া বিরুদ্ধে, সৎ এবং যোগ্য ধর্মকর্তাদের পদোন্নতি দিয়ে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার দাবি জানানো হয়।
মাদারীপুর : পুরান বাজার প্রধান সড়কে ইসলামী ব্যাংকের ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের ‘নগ্ন হস্তক্ষেপের’ প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মে) অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের বিশিষ্ট গ্রাহক ও ব্যবসায়ী খলিলুর রহমান হাওলাদার।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা মনিরুজ্জামান হামিদি, মোখলেসুর রহমান ও ইদ্রিস আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. নুরুল ইসলাম।
বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে মোঃ ওমর ফারুক খান-কে স্বপদে বহাল রাখতে হবে। একই সঙ্গে ব্যাংকের পরিবেশ ধ্বংসকারী ও ক্ষমতালোভী এএমডি কামাল উদ্দিন জসীম-এর অপসারণ এবং ব্যাংকের কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ বন্ধের দাবি জানান তারা।
এছাড়া ব্যাংকের দৃশ্যমান উন্নতি করতে ব্যর্থ হওয়ায় চেয়ারম্যান ড. জুবায়দুর রহমান-এর পদত্যাগ দাবি করা হয়। মানববন্ধন থেকে বক্তারা ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের সকল ষড়যন্ত্র ও অবৈধ হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ জানান।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সচেতন গ্রাহক ফোরামের মানববন্দ্বন অনুষ্ঠিত হয়েছে। ২৪ শে মে রবিবার বেলা ১১টায় মুন্সীগঞ্জ পৌরসভার হাটলক্ষিগঞ্জ ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মুন্সীগঞ্জ শাখার সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এতে গ্রাহক ফোরামের পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মো: নুরুল আমিন সিকদার, পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ইঞ্জিনিয়ার আব্দুল মবিন।বক্তারা বলেন অবিলম্বে ব্যবস্থাপনা পরিচালক ফারুক সাহেবের ছুটি বাতিল করে স্বপদে বহাল করতে হবে
চুয়াডাঙ্গা : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর স্থিতিশীলতা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাহকদের আস্থা ফেরাতে জরুরী পদক্ষেপ গ্রহণের দাবিতে চুয়াডাঙ্গা ও দর্শনায় মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। গতকাল রবিবার সকাল ১০টায় ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা ও দর্শনা শাখার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এক সময় দেশের সবচেয়ে আস্থাভাজন ও শক্তিশালী ব্যাংক হিসেবে পরিচিত ইসলামী ব্যাংক ধারাবাহিক রাষ্ট্রীয় হস্তক্ষেপ, অনিয়মিত ঋণ বিতরণ এবং জোরপূর্বক নিয়ন্ত্রণ গ্রহণের কারণে এক ভয়াবহ সংকটের মুখোমুখি হয়েছে। বিশেষ করে, বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী ‘এস আলম গ্রুপ’ ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ব্যাংকের সুশাসন স¤পূর্ণ ভেঙে পড়ে। প্রতিষ্ঠানটি থেকে বিপুল পরিমাণ অর্থ বের করে নেওয়ায় ব্যাংক খাতে নজিরবিহীন আর্থিক ক্ষতির সৃষ্টি হয়েছে, যা কোটি গ্রাহকের আমানত ও আস্থাকে চরম ঝুঁকিতে ফেলেছে।
নোয়াখালী : ইসলামী ব্যাংকিং খাত ধ্বংসের চক্রান্তের প্রতিবাদ, ব্যাংকে সুশাসন নিশ্চিতকরণ এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে (রবিবার) সকাল ১১টায় নোয়াখালী জেলা শহর মাইজদীর ইসলামী ব্যাংক শাখার সামনে সর্বস্তরের গ্রাহক ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংকের বর্তমান সংকট নিরসনে, বিশেষ করে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল এবং ব্যাংক লুটেরাদের বিচারের দাবিতে ১৪ দফা দাবি উত্থাপন করেন।
বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল দেশের অন্যতম প্রধান এই অর্থনৈতিক খাতটিকে ধ্বংস করার পাঁয়তারা করছে। এরই অংশ হিসেবে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব মোঃ ওমর ফারুক খানকে জোরপূর্বক ছুটিতে পাঠিয়ে পদচ্যুত করার চক্রান্ত চলছে। ব্যাংকের গ্রাহকদের আস্থা ধরে রাখতে এবং সুশাসন নিশ্চিত করতে অবিলম্বে তার ছুটি বাতিল করে স্বপদে বহাল করার দাবি জানান আন্দোলনকারীরা।
লক্ষ্মীপুর : ইসলামী ব্যাংকে আবারও নতুন করে এস আলমের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করে ব্যাংকটি ধ্বংসের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছে ‘সচেতন গ্রাহক ফোরাম’। তারা বলেন, যদি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী এস আলম গ্রুপকে নতুন করে ইসলামী ব্যাংকে প্রবেশ করতে দেওয়া হয়, তাহলে ব্যাংকটি ধ্বংস হয়ে যাবে। ব্যাংকের সচেতন গ্রাহকরা কখনো তা মেনে নেবেন না।
রোববার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের চকবাজার এলাকায় ইসলামী ব্যাংকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তারা এসব কথা বলেন।
ইসলামী ব্যাংক থেকে এস আলমের দোসরদের অপসারণ’, ‘ব্যাংক লুটেরাদের বিচারের ব্যবস্থা গ্রহণ’, ‘ইসলামী ব্যাংকের ওপর অবৈধ হস্তক্ষেপের চক্রান্ত বন্ধ’, ‘ব্যাংক থেকে লুটকৃত অর্থ ফেরত আনা’, ‘ব্যাংক লুটেরাদের ফেরার পথ বন্ধ’ , ‘প্রকৃত মালিকদের মালিকানা ফেরত দেওয়া’ এবং জনবল নিয়োগে ভারসাম্য রক্ষার দাবিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট : ইসলামী ব্যাংকসমূহ থেকে অবৈধভাবে পাচারকৃত টাকা অবিলম্বে দেশে ফেরত আনার দাবিতে রোববার বেলা ১১ টায় জয়পুরহাটের বিভিন্ন এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘জয়পুরহাট ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’- এর ব্যানার ও আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা ও গুর“ত্বপূর্ণ পয়েন্টে এ কর্মসূচি পালন করেন সাধারণ গ্রাহক ও স্থানীয় সচেতন নাগরিক।
জয়পুরহাট জেলার শহরে, পাঁচবিবি এবং কালাই উপজেলাসহ বিভিন্ন ইউনিটের সচেতন গ্রাহক ফোরাম পৃথক পৃথকভাবে এই মানববন্ধনের ডাক দেয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকিং খাতের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, তা সাধারণ আমানতকারীদের অর্থ। এই অর্থ উদ্ধার না হওয়া পর্যন্ত সাধারণ গ্রাহকদের ক্ষোভ ও আন্দোলন চলমান থাকবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি এনামুল হক হেলাল, সদস্য সচিব ইঞ্জি: আব্দুল বাতেন, বিশিষ্ট ব্যবসায়ী ও গ্রাহক মাও: সাইদুর রহমান, মাও: আব্দুর রহিম, মাও: আব্দুল মজিদ, খিজির হায়াত, মামুনুর রশিদ পাটোয়ারী, আবু বকর সিদ্দিক, শিরিন জাহান, তহুরা বেগম প্রমুখ।
শরীয়তপুর : ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাকদের আস্থা, ব্যাংকে স্থিতিশীলতা ও সুশাসন সুনিশ্চিত করতে এবং ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান কে স্বপদে পুনর্বহারে দাবীতে ইসলামী ব্যাংক শরীয়তপুর শাখার সাধারণ গ্রাহকদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ রোববার দুপুরে শরীয়তপুর শাখার দুবাইপ্লাজার সামনে সাধারণ গ্রাহকরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের সাবেক ম্যানেজার মীর আব্দুল জব্বার, গ্রাহক ডাক্তার জিএম আবুল বাশার, মাওলানা জহিরুল ইসলাম ও মতিউর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আস্থাভাজন ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহাল করতে হবে। পাশাপাশি ক্ষমতালোভী ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন জসিমকে বহিষ্কার এবং চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগের দাবিও জানান তারা।
পঞ্চগড় সংবাদদাতা: ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসুচীর পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০ টায় পঞ্চগড় ইসলামী ব্যাংকের সামনে পঞ্চগড় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে তারা।
এসময় বক্তব্য রাখেন ছাত্র নেতা ফজলে রাব্বী, হাফেজ জয়নাল আবেদীন, হাফেজ শিব্বির আহমেদ,আতিকুর রহমান, হাজী নাজিম উদ্দীনসহ গ্রাহকরা।
বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবী জানান। বক্তারা আরোও বলেন, আওয়ামী ফেসিবাদের মত বর্তমানও ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র চলছে। সকল যড়যন্ত্র দুর করতে হবে।
ঠাকুরগাঁও : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খান’কে তার স্বপদে পুণর্বহালের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন ব্যাংকটির ঠাকুরগাঁও শাখার গ্রাহক ফোরামের সদস্যরা। রবিবার (২৪ মে) বিকালে ঠাকুরগাঁও শহরে অবস্থিত ইসলামী ব্যাংকের ঠাকুরগাঁও শাখার সামনে এ মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।
এ সময় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খান’কে তার স্বপদে পুণর্বহালের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্য দবিরুল ইসলাম, আব্দুল করিম, আরিফুর রহমান, শামসুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ বলেন, ওমর ফারুক খান একজন দক্ষ ও যোগ্য ব্যাংক কর্মকর্তা। বর্তমানে ব্যাংক খাতে দূরাবস্থার মধ্যেও তিনি দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধ, ব্যাংকের ধারাবাহিক উন্নতি এবং ব্যাংকের গ্রাহকগণের মাঝে আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। কিš‘ ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোনো এক অপশক্তির ইশারায় জোর পূর্বক তাকে ছুটিতে পাঠায়। আগামী ১ জুন তার ছুটি শেষে পুনরায় তার দায়িত্বে ফেরার কথা ছিল। কিš‘ এবার তাকে চাপ সৃষ্টি করে পদত্যাগ করানো হয়েছে, যা সম্পূর্ন অন্যায় এবং ব্যাংক ও গ্রাহকদের স্বার্থ পরিপšি’। আমরা অবিলম্বে ওমর ফারুক খান’কে তার স্বপদে পূণর্বহালের জোর দাবি জানাচ্ছি।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা, সুশাসন ও গ্রাহক আস্থা পুনঃপ্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছে ইসলামি ব্যাংক কাঁচপুর শাখার গ্রাহকরা। গত রোববার ২৪ মে সকাল ১০টায় মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে শিমরাইল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে গ্রাহকরা নিম্নোক্ত দাবিসমূহ বাস্তবায়নের জোর দাবি জানায়-
আতঙ্কিত গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এবং চলমান অস্থিতিশীলতা রোধে ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের ছুটি অবিলম্বে বাতিল করে তাকে স্বপদে পুনর্বহাল করতে হবে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে। অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
এস আলম গ্রুপের দখলে থাকা ব্যাংকের শেয়ার দ্রুত নগদায়নের কার্যকর ব্যবস্থা গ্রহণ করে সেই অর্থ তাদের ব্যাংকঋণ ও দায় পরিশোধের ব্যবস্থা করতে হবে।
ব্যাংক খাতে সংঘটিত নজিরবিহীন আর্থিক কেলেঙ্কারির সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং এস আলম গ্রুপের বিচার নিশ্চিত করতে হবে।