বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কনফারেন্স কক্ষে আয়োজিত এ সভায় কেন্দ্রের পরিচালক, অধ্যাপক ড. রাফসান মাহমুদের সভাপতিত্বে ভিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রের চলমান কার্যক্রম, সম্ভাবনা ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়।
ভিসি তাঁর বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কার্যক্রমকে আরও গবেষণাভিত্তিক, ফলপ্রসূ ও সময়োপযোগী করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ জরুরি। তিনি উল্লেখ করেন, গবেষণার পরিধি শুধু ১৯৭১ সালের নয় মাসের মুক্তিযুদ্ধে সীমাবদ্ধ না রেখে স্বাধীনতার পূর্ববর্তী রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট এবং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সামগ্রিক পরিবর্তনকেও অন্তর্ভুক্ত করতে হবে। এতে মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাৎপর্য আরও সুস্পষ্টভাবে উঠে আসবে।
তিনি আরও বলেন, সুসংগঠিত কর্মপরিকল্পনা ও নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের মাধ্যমে গবেষণা কার্যক্রম পরিচালিত হলে তা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে। একই সঙ্গে বিদ্যমান কাঠামো বজায় রেখে কার্যপরিধি পুনর্র্নিধারণের মাধ্যমে কেন্দ্রের কার্যক্রমকে আরও অর্থবহ করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের অস্থায়ী কার্যালয়কে লাইব্রেরি সংলগ্ন নির্ধারিত স্থানে স্থানান্তর এবং প্রয়োজনীয় সংস্কারের বিষয়েও আলোচনা হয়। এ সময় কেন্দ্রের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।