সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে দেশের অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীরমোহাম্মদ সেলিম উদ্দিন। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য সরকারকেই সরাসরি দায়ী করেছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর মগবাজারে চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে ঢাকা মহানগর উত্তরের আমীর বলেন, রাষ্ট্রের মানুষের নিরাপত্তা যারাই বিঘিœত করবে, তাদের দল-মতের ঊর্ধ্বে উঠে কঠোর আইনের আওতায় নিয়ে আসতে হবে। তবেই সমাজ থেকে অপরাধ প্রবণতা কমে আসবে। দেশের এই উদ্ভূত পরিস্থিতিতে বিরোধী দল নিজেদের দায় এড়াতে পারে কি না! সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে সেলিম উদ্দিন বলেন, বিরোধী দল তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে। জনগণের প্রতিনিধি হয়ে তাদের অভাব-অভিযোগ ও দাবি-দাওয়া সরকারের কাছে নিরন্তর তুলে ধরছে।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ের আলোচিত রামিসা হত্যাকা- এর তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এই নৃশংস হত্যাকা-ের বিচার আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে নিশ্চিত করতে হবে। অপরাধীদের দ্রুততম সময়ে শাস্তির মুখোমুখি করতে প্রয়োজনে আইন সংশোধনেরও পরামর্শ দেন জামায়াতের এই শীর্ষ নেতা। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার বিষয়ে সরকারের পক্ষ থেকে যদি দ্রুত কোনো সুস্পষ্ট অঙ্গীকার ও দৃশ্যমান পদক্ষেপ না আসে, তবে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

মানবতার বক্স উদ্বোধন : ‘যার আছে দিয়ে যান, যার লাগবে নিয়ে যান’ এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর উত্তরায় মানবতার বক্স উদ্বোধন করেছেন জামায়াত ঢাকা মহানগর উত্তরেল সিটি আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ঢাকা সিটিকে মানবিক নগর হিসেবে গড়ে তোলা হবে।

গতকাল সকালে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের বিপরীত পাশে বিডিআর মার্কেটে এ মানবতার বক্স উদ্বোধন করেন তিনি। এ সময় সেলিম উদ্দিন বলেন, চারশো বছরের পুরোনো ঢাকার মানবিকতা পুনরুদ্ধার করে আবারও ভ্রাতৃত্ববন্ধনের নগর হিসেবে গড়ে তুলতে হবে। মানবিক ও জ্ঞানের ঢাকা গড়তে জামায়াত কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নাগরিকদের বিভিন্ন প্রয়োজনীয় সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মানবতার বক্সের মাধ্যমে মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও বিভিন্ন সহায়তা পাবেন। এছাড়া ‘নাগরিক সেবা ডট নেট’-এর মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন সহযোগিতা পাওয়ার সুযোগ থাকবে।

এছাড়াও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, কারও জন্য রিজিকের ব্যবস্থা করে দিলে আল্লাহ তার রিজিক আরও বাড়িয়ে দেন। এ ধরনের মানবতার বক্স রাজধানীর বিভিন্ন বাজারে চালু করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি আসন্ন কোরবানি ঈদে সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মোহাম্মদ সেলিম উদ্দিন।

জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুুবুল আলম, উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান, তুরাগ দক্ষিণের আমীর আবু বকর সিদ্দিক, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, উত্তরখান পূর্বের আমীর ইসরাইল হোসেন, মহানগরী যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ, কামরুল হাসান সহ নেতৃবৃন্দ।

রামিসা হত্যার বিচার অগ্রগতি জানতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম : শিশু রামিসা হত্যার বিচার অগ্রগতি জানতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। শিশু রামিসার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

গতকাল দুপুরে রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে থেকে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। সেলিম উদ্দিন বলেন, শিশু রামিসা হত্যার মতো নৃশংস ঘটনার সান্ত¡না দেওয়ার কোনো ভাষা নেই। তিনি আরও উল্লেখ করেন, শিশু আছিয়া ও রামিসা হত্যাকা-ের বিচার অগ্রগতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে এবং সরকারকে এ বিষয়ে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। এ সময় সিটি আমীর সেলিম উদ্দিন সাদা পতাকা হাতে প্রতিবাদ জানিয়ে বলেন, আমাদের মারেন, তবুও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। তিনি সরকারের উদ্দেশে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, শিশু রামিসা হত্যার বিচার প্রক্রিয়া ও অগ্রগতি জাতির সামনে স্পষ্ট করতে হবে। অন্যথায় দোষীদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।