টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কুন্ডের বাজার বেইলি ব্রিজে ক্রাউন সিমেন্ট বোঝাই একটি মালবাহী ট্রাক আটকে যাওয়ায় সড়ক যোগাযোগে ব্যাপক বিঘœ সৃষ্টি হয়েছে। শুক্রবার হঠাৎ এ ঘটনা ঘটলে ব্রিজটির দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং পথচারীদের চলাচলেও চরম দুর্ভোগ নেমে আসে।
স্থানীয় সূত্র জানায়, মুন্সীগঞ্জ, টঙ্গীবাড়ী ও সিরাজদিখান উপজেলার মানুষের ঢাকা-মাওয়া সড়কের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হলো তালতলা-ডহরী-গৌরগঞ্জ খালের ওপর নির্মিত কুন্ডের বাজার বেইলি ব্রিজ। তবে ব্রিজটি সরু ও খাড়া হওয়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে এবং যান চলাচলে বিঘœ সৃষ্টি হয়।
এদিন সিমেন্ট বোঝাই একটি ভারী ট্রাক ব্রিজের মাথায় আটকে পড়লে পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। নিউজ লেখা পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।