নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে হাটহাজারী আদর্শ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ চারিয়া মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবুল কাশেম। সংগঠনের সেক্রেটারি ও ব্যাংকার মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সমাজসেবক ও সংগঠনের সহ-সভাপতি এম এন ছাপা।
বক্তারা বলেন, নারীদের দক্ষ ও আত্মনির্ভরশীল জনশক্তিতে পরিণত করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। সেলাই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয়ের সুযোগ পাবেন। এতে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি সমাজে নারীদের মর্যাদাও বাড়বে।
তারা বলেন, আদর্শ সমাজকল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, এবারের প্রশিক্ষণ কোর্সে মোট ৪০ জন নারী অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। প্রশিক্ষণ শেষে সফলভাবে উত্তীর্ণ ১৫ জন দরিদ্র ও অসহায় প্রশিক্ষণার্থীর মাঝে সংগঠনের জাকাত তহবিল থেকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক মো. আবছার, সহ-সেক্রেটারি ও শিক্ষক আবু রাহেল মো. ফয়সাল, ধর্মীয় সম্পাদক মাওলানা কামরুদ্দীন এবং যুগ্ম সম্পাদক ব্যাংকার দেলোয়ার হোসেন।
এ সময় সৈয়দ মো. আব্দুল আজিজ, মো. দৌলত হোসেন, আজিজুর রহমান, হাফেজ মো. ইকবাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নিজেদের স্বাবলম্বী করার আহ্বান জানান।