নাটোরের নলডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে নলডাঙ্গা পৌরসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী সহকারী অধ্যাপক ড. মো. জিয়াউল হক জিয়া। এ সময় বক্তারা জুলাই সনদ, গণভোট এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নলডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, '২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে তৎকালীন সরকারের নির্দেশে আইন প্রয়োগকারী সংস্থা ও দলীয় ক্যাডাররা সহিংসতা চালায়। এই সহিংসতায় শত শত মানুষ নিহত ও হাজার হাজার আহত হন, যার পরিণতিতে ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতন ঘটে। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও এখনও কোনো দৃশ্যমান বিচার হয়নি। নির্বাচিত সরকার আসার পর তারা জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন নিয়ে টালবাহানা করছে। অবিলম্বে জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের জন্য তারা দাবি জানান।'
বক্তারা আরও বলেন, 'বাংলাদেশের মানুষ গণভোটে ৬৮ শতাংশ ভোটার "হ্যাঁ" সূচক ভোট দিয়েছেন। যারা এই গণভোট এবং জুলাই সনদ মানবে না, তারা প্রকারান্তরে স্বৈরাচারের দোসর হিসেবে চিহ্নিত হবে। গণভোটে "হ্যাঁ" ভোটের মাধ্যমে দেশের মানুষ জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশকে সমর্থন করেছে। তাই জনগণের এই ম্যান্ডেটকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না।'
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমির মো. আব্দুর রব, সেক্রেটারি ডা. ফজলুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. মামুনুর রশীদ মোল্লা, নলডাঙ্গা থানার শিবিরের সভাপতি মো. তারেক রহমান, জামায়াতের উপজেলা সহকারী সেক্রেটারি আবু নওশাদ নোমানী, বায়তুলমাল সম্পাদক মো. জিয়াদুল ইসলাম জিহাদ, নলডাঙ্গা পৌর জামায়াতের আমির মো. আব্দুল বারিসহ নলডাঙ্গা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।