অভয়নগর (যশোর) সংবাদদাতা : যশোরের অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বুধবার (১৩ মে) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হয়েছে। শিল্প, বাণিজ্য ও বন্দর নগরী হিসেবে পরিচিত নওয়াপাড়ায় সব ধরনের ব্যবসা-বাণিজ্য, যানবহন চলাচল ও বন্দর কার্যক্রম বন্ধ ছিল।

হরতালের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন পেশাজীবী সংগঠন, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং ইমাম পরিষদের নেতারা একাত্মতা ঘোষণা করেন। দিনব্যাপী হরতালে নৌ-বন্দর থেকে কোনো ধরনের মালামাল লোড-আনলোড হয়নি। যশোর-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন হরতাল সমর্থকরা। এসময় মহাসড়কে যানবাহন, ইঞ্জিনচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক চলাচলও বন্ধ ছিল। তবে রুগীবাহি এ্যাম্বুলেন্স ও ট্রেন চলাচল স্বাভিক ছিল। শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান ছিল তালাবদ্ধ। ঔষধের দোকান, খাবার হোটেল খোলা ছিল।

সকাল থেকে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নূরবাগ জেলা পরিষদের মার্কেটের সামনে জড়ো হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ব্যবসায়ী আনিসুর রহমান হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।