টাঙ্গাইল জেলা সংবাদদাতা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে আনুষ্ঠানিকভাবে কর্মক্ষেত্রে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।
আজ ১৬ মে ২০২৬ তারিখ সকাল ১১ টায় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছেন। প্রথমে ক্যাম্পাসস্থ মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এবং মাজার জিয়ারত করে পরিদর্শন বইতে মাওলানা ভাসানী সম্পর্কে অনুভূতি লিখেন ও স্বাক্ষর করেন। এরপর ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে বিদায়ী ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ নতুন ভাইস-চ্যান্সেলরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব গ্রহণের পর নতুন ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট ও সকল অফিস প্রধানদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
উল্লেখ্য, ১৪ মে রাস্ট্রপতি ও চ্যান্সেলর এ বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁকে চার বছরের জন্য নিয়োগ প্রদান করেন। তিনি একই দিন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেন।
দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা, বহুমাত্রিক গবেষণা এবং বর্ণাঢ্য প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই শিক্ষাবিদকে উপাচার্য হিসেবে পেয়ে বিশ্ববিদ্যালয় পরিবারে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
মেধাবী শিক্ষাজীবন ও টাঙ্গাইলের সাথে আত্মিক সম্পর্ক: অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের
শিক্ষাজীবন অত্যন্ত কৃতিত্বপূর্ণ। তিনি টাঙ্গাইলের কৃতি সন্তান। সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসিতে ঢাকা
বোর্ডে ৪র্থ স্থান অধিকার করেন। ফলে টাঙ্গাইলের এই সর্বোচ্চ বিদ্যাপীঠের দায়িত্ব নেয়াকে স্থানীয়রা বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন।
পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে প্রথম শ্রেণিতে বি.কম (সম্মান) এবং এম.কম ডিগ্রি অর্জন করেন। একজন মর্যাদাপূর্ণ ‘কমনওয়েলথ স্কলার’ হিসেবে তিনি যুক্তরাজ্যের গ্লাসগোর স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।