পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রোটারি ক্লাব অব ভাওয়াল।
শুক্রবার (৩১ জুলাই) গাজীপুর ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ভাওয়ালের প্রেসিডেন্ট রোটা. মোহাম্মদ মেহেদী হাসান মুন্না বলেন, 'বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, এটি আমাদের অস্তিত্ব রক্ষার অন্যতম প্রধান উপাদান। রোটারির সেবার আদর্শকে ধারণ করে আমরা শুধু গাছ লাগিয়েই থেমে থাকতে চাই না; প্রতিটি গাছের পরিচর্যা নিশ্চিত করার মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চাই। সমাজের প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেন, তাহলে পরিবেশ সংরক্ষণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। রোটারি ক্লাব অব ভাওয়াল ভবিষ্যতেও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে রোটারি ক্লাব অব ভাওয়ালের চার্টার প্রেসিডেন্ট রোটা. ইমতিয়াজ সাজু, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট প্রফেসর ডা. আমিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর রোটা. জাহাঙ্গীর কবির, পাস্ট প্রেসিডেন্ট রোটা. আলী হোসেন ও রোটা. এস. কে. সফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট রোটা. মাহমুদুর রহমান পলাশ, ক্লাব সেক্রেটারি রোটা. নাজমুল হাসান রাসেলসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তারা পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত সুফল অর্জন সম্ভব নয়। তাই পরিবেশ রক্ষায় ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান-সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠান শেষে ক্লাবের নেতৃবৃন্দ ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন এবং মানবকল্যাণে রোটারির সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।