বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, রক্তাক্ত জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের রক্তে ভেজা এই সবুজ জমিনে সব ধরনের সামাজিক বৈষম্য দূর করে আমরা একটি মানবিক ও কল্যাণকর নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। এর মাধ্যমেই শহীদদের স্বপ্ন পূরণ করা সম্ভব।

তিনি আরও বলেন, আমাদের নিরপরাধ সন্তানদের যারা হত্যা করেছে, আহত করেছে, চোখ কেড়ে নিয়েছে এবং আয়নাঘরে অমানবিক নির্যাতন চালিয়েছে—তাদের বিচার অবশ্যই করতে হবে। সব প্রতিকূলতা অতিক্রম করে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে আমরা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে জনগণকে সঙ্গে নিয়ে এই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে; এতে কোনো ছাড় দেওয়া হবে না।

জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ ও আহতদের স্মরণে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ৩১ জুলাই (জুমাবার) দুপুর ১২টায় মৌলভীবাজার শহরের দেওয়ান মঞ্জিলে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৌলভীবাজার জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য প্রকৌশলী মো. শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবর্গের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি: মো. আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার ও আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ ও আবদুল কুদ্দুস নোমান, মৌলভীবাজার পৌর আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমির মো. ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমির আবুর রাইয়ান শাহীন, কুলাউড়া উপজেলা আমির আবদুল মুনতাজিম, জুড়ী উপজেলা আমির আবদুল হাই হেলাল, বড়লেখা উপজেলা ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক আমির এমাদুল ইসলাম ও কমলগঞ্জ উপজেলা আমির মো. মাসুক মিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আবদুল মুমিতসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে জেলা আমির প্রকৌশলী মো. শাহেদ আলী বলেন, "শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন ও আহত হয়েছেন—তাদের স্বপ্নের কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অবিরাম চলবে, ইনশাআল্লাহ।"

আলোচনা সভা শেষে আন্দোলনকারী শহীদ ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন প্রিন্সিপাল মাওলানা শেখ আবদুল হক।