বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তিনজন ও সারা দেশে সড়ক দুর্ঘটনায় আটজন নাগরিকের প্রাণহানিতে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ এবং মঠবাড়িয়ায় দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের রোববার এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণ ও সারা দেশে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন নাগরিকের প্রাণহানি জাতির জন্য খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক। এছাড়া নাগরিকদের কুপিয়ে হত্যা চরম বর্বরতা। আমি বিস্ফোরণে নাগরিকদের হতাহতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করছি এবং কুপিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এডভোকেট জুবায়ের বলেন, গণমাধ্যমের খবর অনুযায়ী রোববার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্ত ঘুমধুমে কিছুটা বাংলাদেশের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে তিনজন চাকমা শ্রমিকের মৃত্যু, ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজনের মৃত্যু, টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন কিশোরের মৃত্যু হয়েছে এবং পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক স্থানে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসব মৃত্যু ও হত্যাকা- পরিবারগুলোর জন্য অপূরণীয় ক্ষতি। আমি আহতদের দ্রুত সুস্থতা ও নিহতদের উত্তম মর্যাদা কামনা করছি। আমি হতাহতের পরিবারগুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং স্বজন হারানোর কষ্টকে সহ্য করার তাওফিক কামনা করছি। একই সঙ্গে কুপিয়ে হত্যায় যারা জড়িত তাদের তদন্তপূর্বক শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজন অনুযায়ী পুনর্বাসনের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকা, সড়কসহ সারা দেশে কোথাও নাগরিকরা আজ সুরক্ষিত নয়, নিরাপত্তাহীনতায় ভুগছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতির কারণে দুর্ঘটনা ও হামলায় নাগরিকরা প্রাণ হারাচ্ছেন। এর দায় সরকার এড়াতে পারে না। স্থলমাইন বিস্ফোরণে নাগরিকদের মৃত্যুসহ সকল অনাকাক্সিক্ষত মৃত্যুরোধে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করে সকল হত্যাকা-ের বিচার নিশ্চিত করে নাগরিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।