ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাবা-মায়ের সঙ্গে নানার বাড়ি বেড়াতে এসেছিল ছোট্ট কণিকা। কিন্তু সেই আনন্দঘন সফরই পরিণত হলো শোকে। কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা গ্রামে পুকুরে ডুবে কণিকা খাতুন (৮) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কণিকা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কালীশংকপুর গ্রামের বিপুল হোসেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের পরদিন বাবা-মায়ের সঙ্গে খোকসার মোড়াগাছা গ্রামে নানা আব্দুর রাজ্জাকের বাড়িতে বেড়াতে আসে কণিকা। রোববার দুপুরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ইটভাটার পুকুরে প্রতিবেশী শিশু রবিনের সঙ্গে গোসল করতে নামে সে। একপর্যায়ে পানির গভীরে তলিয়ে যায় কণিকা।

সঙ্গে থাকা রবিন বিষয়টি পরিবারের সদস্যদের জানালে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের গভীর থেকে কণিকাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সবুজ সায়েম তাকে মৃত ঘোষণা করেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঈদের আনন্দের সময় ছোট্ট কণিকার এমন করুণ মৃত্যু পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।