কুষ্টিয়ার কুমারখালী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। দীর্ঘদিনের এ দাবিতে দ্রুত সিদ্ধান্ত না এলে কঠোর আন্দোলনের কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে সাড়ে ১২ টার সময় কুমারখালীবাসীর ব্যানারে কুমারখালী রেলওয়ে প্ল্যাটফর্মে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, কুমারখালী একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন হওয়া সত্ত্বেও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
বক্তারা আরও বলেন, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি ও আবেদন জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই রেল মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে কুমারখালী স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি চালুর দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আগামী তিন দিনের মধ্যে এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলন, মানববন্ধন, রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জিলাল, গণঅধিকার পরিষদ উপজেলা শাখার সভাপতি সাধক হারুনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সচেতন নাগরিকবৃন্দ।