শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষায় গুরুত্বারোপ করে কুষ্টিয়ার দৌলতপুরে লক্ষীপুর বিল আমলা মডেল মাদরাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) মাদরাসা প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আসাফুদ্দৌলাহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের সহকারী অধ্যাপক ও লক্ষীপুর বিল আমলা মডেল মাদরাসার সভাপতি মো. রেজাউর রহমান।

মাদরাসার মুহতামিম মাওলানা মো. ফরিদ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক স্কুল শিক্ষক সাজেদুর রহমান, সহকারী শিক্ষক আব্দুল কাদের, মাওলানা সাইফুল ইসলাম শিপনসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি তাদের নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলাবোধের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।

পরে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় শিক্ষার্থীদের অর্জিত ফলাফল প্রকাশ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে ফলাফল প্রদান করা হয়। এ সময় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।