ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় সরকারি চলাচলের সড়ক দখল করে অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় শফিউল আলমের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের অজিউল্লাহ বাপের বাড়ি সড়কের প্রায় তিন ফুট জায়গা দখল করে ঘরের বাউন্ডারি নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের দাবি, সড়কটি দিয়ে প্রতিদিন স্কুলশিক্ষার্থীসহ প্রায় তিন হাজার মানুষ চলাচল করেন। সড়ক সরু হয়ে যাওয়ায় যান চলাচলে বিঘœ ঘটছে। বিশেষ করে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলেও সমস্যা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরে চট্টগ্রাম জেলা পরিষদ সড়কটি সংস্কারে দুই লাখ টাকা বরাদ্দ দিয়েছিল। তবে বর্তমানে সড়কের অবস্থা নাজুক হয়ে পড়েছে।

স্থানীয় সমাজসেবক মোহাম্মদ মান্নান বলেন, “দেওয়াল নির্মাণের সময় শফিউল আলমকে সড়কের জায়গা ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছিল। তখন তিনি জায়গা ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।”

অভিযোগের বিষয়ে শফিউল আলম বলেন, “আমি অশিক্ষিত মানুষ, পড়া-লেখা জানিনা। আমার বাউন্ডারির ভেতরে ৩ ফুট সরকারি সড়ক ঢুকেছে। এটি আমি বাউন্ডারি ভেঙে ছেড়ে দেবো। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেও জানান। ফটিকছড়ি সিনিয়র সহকারী জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আজিজুল হক বলেন, সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করা আইনত দ-নীয় অপরাধ। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগ তদন্ত করে সরকারি জায়গা দখলের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”