ববি সংবাদদাতা: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) স্থায়ী ও আধুনিক অডিটোরিয়াম নির্মাণের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটির দাবি, প্রতিষ্ঠার এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ে এখনো একটি পূর্ণাঙ্গ অডিটোরিয়াম নির্মিত হয়নি। ফলে গুরুত্বপূর্ণ একাডেমিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে হচ্ছে ভাড়া করা অডিটোরিয়ামে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যে ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সেমিনারকে কেন্দ্র করে এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির সভাপতি আবু সালেহ মুহাম্মদ হাসিবুল্লাহ এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠার এক যুগেরও বেশি সময় অতিক্রান্ত হলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনো একটি পূর্ণাঙ্গ ও আধুনিক অডিটোরিয়াম নির্মিত হয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সেমিনার, সিম্পোজিয়াম, সাংস্কৃতিক ও একাডেমিক অনুষ্ঠান ক্যাম্পাসের বাইরে ভাড়া করা অডিটোরিয়ামে আয়োজন করতে হচ্ছে, যা একটি বিভাগীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত দুঃখজনক এবং মর্যাদাহানিকর।

তারা আরও বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, গবেষণা কার্যক্রম এবং সাংস্কৃতিক বিকাশে আধুনিক অডিটোরিয়াম একটি অপরিহার্য অবকাঠামো। নিজস্ব ক্যাম্পাসে এ সুবিধা না থাকায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা তাদের ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা মন্ত্রণালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করে দ্রুত একটি স্থায়ী ও আধুনিক অডিটোরিয়াম নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।