চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে সকল শহীদ ও শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর স্মরণে এবং কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় দাসের বাজার সংলগ্ন কালু দেওয়ান আদর্শ স্কুল মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং দুর্গাপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মুবিন, বিশিষ্ট চিকিৎসক ও ইসলামী চিন্তাবিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ মানবজাতির জন্য সর্বোত্তম অনুসরণীয় আদর্শ। রাসুল (সা.)-এর সুন্নাহ ও আদর্শ অনুসরণ করলেই ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাসার দেওয়ান, উপজেলা সেক্রেটারি মেহেদী হাসান নাজীর এবং ৫নং দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. শফিউল্লাহ শিকদার।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ৫নং দুর্গাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আলাউদ্দিন ও ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম রবিউল আলম।

মাহফিলে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম থেকে শুরু করে তাঁর পূর্ণাঙ্গ জীবন, আদর্শ ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ ও সুন্নাহ বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

মাহফিল পরিচালনা করেন হাফেজ জুলকার নাঈন। সভাপতিত্ব করেন সৌদি প্রবাসী মোস্তফা কামাল। মাহফিলের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

আয়োজকদের মধ্যে সিঙ্গাপুর প্রবাসী মো. মনির হোসেন ও রাশিয়া প্রবাসী মো. আবু সাঈদ চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় মতলব উত্তর উপজেলা ও দুর্গাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।