হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে মাটিকাটা ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে কৃষকদলের এক নেতাকে ডাম্প ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কামরুল হাসান ফয়সাল (৩২) উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাকর আলী চৌধুরী বাড়ির মৃত মো. বাবুলের ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক।
স্বজন ও সহকর্মীদের অভিযোগ, এটি কোনো দুর্ঘটনা নয়; পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় জুয়েল নামে এক ব্যক্তির সঙ্গে টাকা-পয়সা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই তাকে কৌশলে ডেকে এনে ডাম্প ট্রাক দিয়ে চাপা দেয়া হয় বলে দাবি তাদের।
নিহতের ছোট ভাই মো. রিয়াদ জানান, শনিবার সন্ধ্যায় পাওনা টাকা পরিশোধের কথা বলে জুয়েল ফয়সালকে সরকারহাট বাজারে ডেকে নেয়। সেখানে জুয়েল ও তার সহযোগীরা ডাম্প ট্রাক দিয়ে তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের মা পারভিন আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় জুয়েল, ফরহাদ ও পারভেজকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১০-১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান জানান, ‘জনি’ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হয়ে একে পরিকল্পিত হত্যাকা- উল্লেখ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাটিকাটা ও ভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এলাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।