অভয়নগর (যশোর) সংবাদদাতা : যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ব্যবসায়ী আনিস হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, হত্যাকা-ের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সম্প্রতি নওয়াপাড়া পৌর এলাকার যশোর-খুলনা মহা সড়ক প্রদক্ষিণ করে বিশাল বিক্ষোভ মিছিলটি ষ্টেশনবাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জমায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, ‘ব্যবসায়ী আনিস হত্যাকা- একটি ন্যক্কারজনক ও পরিকল্পিত ঘটনা। যারা এই হত্যার সাথে জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত সম্পন্ন করে অপরাধীদের গ্রেফতার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘নওয়াপাড়ার মানুষ শান্তিপ্রিয়। এখানে সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যাকা-ের কোনো স্থান নেই। একজন ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা পুরো ব্যবসায়ী সমাজের জন্য আতঙ্কের বিষয়। প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে আসে।’

এমপি গোলাম রসুল বলেন, ‘অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, তাকে আইনের মুখোমুখি হতেই হবে। নিহত আনিসের পরিবারকে ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমি ব্যক্তিগতভাবে প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং দ্রুত আসামীদের গ্রেফতারের দাবি জানিয়েছি।’

সমাবেশে স্থানীয় ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, হত্যাকা-ের কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো মূল আসামীদের অনেকেই ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। বক্তারা বলেন, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ব্যবসায়ী সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।