দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বিরুদ্ধে ষড়যন্ত্র, অস্থিতিশীলতা সৃষ্টি ও আস্থাহীন পরিবেশ তৈরির অপচেষ্টার প্রতিবাদে কুমিল্লায় বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত নারী-পুরুষ সাধারণ গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

রবিবার সকাল ১০টায় নগরীর রামঘাটলা এলাকায় ইসলামী ব্যাংক কুমিল্লা শাখা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যাংকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ষড়যন্ত্রমূলক অপতৎপরতার প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং লাখো মানুষের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। একটি সফল ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক জাকির হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, তাহমিনা বানু ও শামিমা নারগীস। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ হোসাইন।

বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে দুর্বল করার লক্ষ্যেই ইসলামী ব্যাংকের বিরুদ্ধে বিভিন্ন মহল অপতৎপরতা চালাচ্ছে। দেশের জনগণের আস্থা অর্জনকারী প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করতে একটি চক্র সক্রিয় রয়েছে বলেও তারা অভিযোগ করেন। এ ধরনের চক্রান্ত শুধু একটি ব্যাংকের বিরুদ্ধে নয়, বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সাধারণ গ্রাহকদের স্বার্থের বিরুদ্ধেও অবস্থান নেয়।

মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, গ্রাহকদের আস্থা রক্ষা এবং যেকোনো ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।