বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার সকালে শাজাহানপুর উপজেলার সাজাপুর কামিল মাদ্রাসা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি শাহরিয়ার হাসান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ খন্দকার।

বগুড়া জেলা পূর্ব শাখার সেক্রেটারি তৌফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বগুড়া জেলা জামায়াতের মহিলা বিভাগের সভানেত্রী ডা. মাসুদা করিম, জেলা জামায়াতের প্রচার সম্পাদক ও গার্ডিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর সভাপতি শফিকুল ইসলাম, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, বগুড়া মহানগর মজলিসুল মোফাসসিরিনের সভাপতি মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী এবং সাজাপুর ফুলতলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান।

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আগামী দিনের পথচলায় জ্ঞান, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষাজীবনে ভালো ফলাফলের পাশাপাশি চরিত্র গঠন এবং সমাজের প্রতি দায়িত্বশীল হওয়াও জরুরি।

আয়োজকরা জানান, বগুড়া জেলা পূর্ব শাখার আওতাধীন এলাকার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বগুড়া জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।