গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তাদের লাশ উদ্ধার করে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোসিংগা ইউনিয়নের খোঁজেখানী গ্রামের শীতলক্ষ্যা নদী থেকে লাল দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলো গাজীপুর জেলা, শ্রীপুর উপজেলা, গোসিংগা ইউনিয়নের খোঁজেখানী গ্রামের মিলন মিয়ার মেয়ে এবং স্থানীয় খোঁজেখানী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মারজিয়া আক্তার মিম (১৫) এবং একই এলাকার শ্যামল মোড়লের মেয়ে ও খোঁজেখানী বালিকা মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী সুবর্ণা আক্তার (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে দুই শিক্ষার্থী। তারা দুজনই সাঁতার না জানায় একপর্যায়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। স্বজনদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার চেষ্টা চালায় এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ঢাকার সিভিল ডিফেন্সের ডুবুরি দলকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এর আগেই একজনের লাশ উদ্ধার করা হয়, পরে সন্ধ্যা ৭টার দিকে আরও একজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা, খোরশেদ আলম জানান, পানিতে নামার পরপরই তারা তলিয়ে যায়। দীর্ঘ উদ্ধার অভিযানের পর দুইজনের লাশ উদ্ধার করা সম্ভব হয়।
শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত), সঞ্জয় সাহা জানান, মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে নদীপাড়ের পরিবেশ।