ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর ডিমলা উপজেলার বুড়ির বাজার এলাকায় বিকাশ ব্যবসায়ী মোঃ সেরাজুল ইসলাম (আলসিয়া)-এর ওপর সংঘবদ্ধ দুর্বৃত্তদের হামলা ও নগদ টাকা লুটের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কথা বলতে পারছেন না বলে পরিবার সূত্রে জানা গেছে।
আহত সেরাজুল ইসলাম উত্তরা নিজপাড়া ভাঙ্গা মাল্লি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সততার সঙ্গে বুড়ির বাজারে বিকাশ ও নগদের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ মে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে উত্তর নাউতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের নির্জন বাঁশঝাড় এলাকায় পৌঁছালে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি মারধরে তিনি গুরুতর আহত হন।
দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা ৩টি বাটন ফোন, ১টি স্মার্টফোন এবং প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরদিন এলাকাবাসী ঘটনাস্থল থেকে কয়েকটি মোবাইল ফোন ও একটি বাইসাইকেল উদ্ধার করে। এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে ২টি লাঠি, ছেঁড়া লুঙ্গির অংশ ও একটি বাইসাইকেল উদ্ধার করেছে।
ঘটনার রাতেই ডিমলা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর ভীষ্ম কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন। তার তৎপর ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা।
সমাজসেবক তৌহিদুল ইসলাম ভুট্টু বলেন,“এ ধরনের নৃশংস হামলা অত্যন্ত দুঃখজনক। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”
এ ঘটনায় এলাকাবাসী জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।