বাংলাদেশের পেয়ারা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানির অপার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ঝালকাঠির ঐতিহ্যবাহী ও নান্দনিক ভীমরুলী ভাসমান পেয়ারার হাট পরিদর্শনের সময় তিনি এই সম্ভাবনার কথা জানান।

রোববার (৯ আগস্ট ২০২৬) সকালে নিজের স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে মার্কিন রাষ্ট্রদূত ঝালকাঠির এই বিখ্যাত পেয়ারার হাট পরিদর্শন করেন। এ সময় তাঁরা হাটের প্রাকৃতিক পরিবেশ, চারপাশের সবুজ প্রকৃতি এবং চাষিদের কর্মচাঞ্চল্য দেখে গভীর মুগ্ধতা প্রকাশ করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার মতো কিছু উষ্ণ অঞ্চলে সীমিত পরিসরে পেয়ারা চাষ করা হলেও বাংলাদেশের পেয়ারার মান ও স্বাদ অনন্য। তিনি আরও জানান, বাংলাদেশের পেয়ারা যুক্তরাষ্ট্রে রপ্তানির যে ব্যাপক সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে তিনি নিজ দেশের সরকার ও সংশ্লিষ্ট বাণিজ্য মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করবেন।

ক্রিস্টেনসেন আরও বলেন, ‘এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজে ঘেরা মনোরম পরিবেশ আমাকে অভিভূত করেছে। কৃষকদের পরিশ্রম এবং হাটের প্রাণচাঞ্চল্য সত্যিই প্রশংসনীয়।’ এরপর একটি ছোট নৌকায় চড়ে ভাসমান পেয়ারার হাটের কেনাবেচা, পরিবহন ও স্থানীয়দের কার্যক্রম প্রত্যক্ষ করেন। পরবর্তী সময়ে ইঞ্জিনের ট্রলারে চড়ে পুরো এলাকা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় পেয়ারা চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি পেয়ারা চাষ পদ্ধতি, উৎপাদন এবং বাজারজাতকরণের খোঁজখবর নেন ও পেয়ারার স্বাদ নেন।

উল্লেখ্য, বর্ষা মৌসুমে দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান ও আকর্ষণীয় কৃষি পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত এই ভীমরুলী ভাসমান হাট।

হঠাৎ মার্কিন রাষ্ট্রদূতের মতো এমন উচ্চপদস্থ কোনো বিদেশি কূটনীতিকের আগমনে স্থানীয় চাষি, ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এই সফরে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়জীদ ইবনে আকবরসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

US Ambassador.2

ঝালকাঠির ভীমরুলী ভাসমান হাট পরিদর্শনের পর মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা বরিশালের কড়াপুরে অবস্থিত প্রাচীন ও ঐতিহাসিক মিঞা বাড়ি মসজিদ পরিদর্শনের উদ্দেশে রওনা হন এবং পরিদর্শন করেন।