চট্টগ্রাম ব্যুরো : জায়গা জমির বিরোধ নিয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা জামেউল উলুম দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল কাশেমকে তার চাচাতো ভাই দিনদুপুর পিটিয়ে হত্যা করে। ঘৃণ্য এ অপরাধের নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেন জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখা।
লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী ও সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমান এর এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চরম্বা জামেউল উলুম মাদরাসার সুপার একজন সজ্জন মানুষ। পারিবারিক বিরোধ থাকতে পারে। কিন্তু পারিবারিক বিরোধের জের ধরে আইন হাতে তুলে নেয়ার এখতিয়ার কারও নেই। নিজেদের মধ্যে মীমাংসা করতে না পারলে উভয়পক্ষের সম্মতিতে একজন শালিসকারক ঠিক করে মীমাংসা করে নিতেন। তা না করে এভাবে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা ঠিক হয়নি। এহেন ঘৃণ্য কাজের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।