দুই মামলার রিমান্ড শুনানি শেষে প্রিজন ভ্যানে উঠানোর সময় আদালত চত্বরেই মানিকগঞ্জ-২ (সিংগাইর ও হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে লক্ষ্য করে পঁচা ডিম এবং জুতা নিক্ষেপ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২২ মে) দুপুরের দিকে মানিকগঞ্জ আদালত চত্বরে এই ঘটনা ঘটে। এদিন সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতে আনা হয়। পরে তাকে সিংগাইর থানার হত্যা মামলায় চার দিন এবং হরিরামপুর থানার ভাঙচুর মামলায় দুই দিন- মোট ছয় দিন রিমান্ড দেন আদালত।

মমতাজকে আদালতে তোলার সময় বিএনপিপন্থি আইনজীবী ও নেতাকর্মীরা তার শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কিও হয়। এরপর কঠোর নিরাপত্তায় মমতাজকে পিজনভ্যানে তোলার সময় তাকে পঁচা ডিম ও জুতা নিক্ষেপ করা হয়।