অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশে পুশ-ইনের ঘটনায় ভারতকে চিঠি পাঠানো হলেও দেশটি এখনো জবাব দেয়নি। পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে অপসারণ নয়, তিনি নিজেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পররাষ্ট্র সচিব জসীম নিজেই এ অবস্থান থেকে সরে যেতে চান। আগামী দুয়েক দিনের মধ্যেই উনি দায়িত্ব ছেড়ে দেবেন।
গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশ-ইনের ঘটনায় ভারতকে চিঠি পাঠানো হয়েছিল। তবে দেশটি এখনো চিঠির জবাব দেয়নি। পুশ-ইনের মাধ্যমে কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে এসে থাকলে তাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে। তিনি বলেন, স্থলবন্দর দিয়ে বাংলাদেশী পণ্য আমদানি বন্ধ করায় দিল্লীকে চিঠি পাঠাচ্ছে ঢাকা। তবে এখনো দেশটির সঙ্গে সই হওয়া কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি।
পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন নিজ থেকেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আগামী দুই-একদিনের মধ্যে নতুন সচিব নিয়োগের প্রজ্ঞাপন হবে। এ ছাড়া, প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ে বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মো. নজরুল ইসলাম। এদিকে বর্তমান পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন ছুটিতে যাচ্ছেন। নজরুল ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) পদে দায়িত্বরত রয়েছেন। এর আগে তিনি বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান পররাষ্ট্র সচিব আগামী দুয়েক দিনের মধ্যে বেশ কয়েক মাসের জন্য ছুটিতে যাচ্ছেন। ছুটি থেকে ফিরে তিনি উত্তর আমেরিকা মহাদেশের কোনো মিশনে রাষ্ট্রদূত হিসেবে যোগদান করতে পারেন।
তবে পররাষ্ট্র সচিব কে হচ্ছেন সেটা এখনো চূড়ান্ত হয়নি। পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের একজনকে পররাষ্ট্রসচিব করা হতে পারে। সে অনুযায়ী নজরুল ইসলামও হতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে জসীম উদ্দিন গত ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেন। তার আগে তিনি চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মাত্র আট মাসের ব্যবধানে মন্ত্রণালয়ে সচিব পদে পরিবর্তন হচ্ছে।