অন্তর্বর্তী সরকারের আলোচনার প্রস্তাবে সাড়া দিয়ে কলমবিরতি সাময়িক স্থগিত ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। গতকাল সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে সাংবাদিক সম্মেলনে কলমবিরতি কর্মসূচি সাময়িক প্রত্যাহারের কথা জানান শুল্ক ক্যাডারের উপকমিশনার ইমাম গাজ্জালি।
পরে ঐক্য পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার সানুগ্রহ নির্দেশনায় সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কলমবিরতি সাময়িক স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে সোমবারও কলমবিরতি পালন করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চম দিনের মতো সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ছয় ঘণ্টা কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তরে এ কর্মসূচি পালন করা হয়। সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব এসেছে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অর্থ উপদেষ্টাসহ উপদেষ্টাম-লীর কয়েকজন সদস্য এতে অংশ নেবেন। আলোচনার অগ্রগতির ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে এতে জানানো হয়।