স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে। একথা জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। এর আগে, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। গতকাল সোমবার বিকেলে সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত গেজেট হাতে পেলেই দলটির নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, ‘আমরা এখনো গেজেট পাইনি। গেজেট নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছি। গেজেট পেলে সিদ্ধান্ত নেব। সিইসি বলেন, অপেক্ষা করুন। যখন দেখবেন আকাশে সূর্য উঠে গেছে, তখন সব পরিষ্কার হয়ে যাবে। এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন বলেন, গণমাধ্যমের তথ্য শুনে সিদ্ধান্ত নেওয়া যাবে না। প্রজ্ঞাপন হলে আমরা বসে সিদ্ধান্ত নেবো। প্রজ্ঞাপনটা আসতে দেন। ইসি সাংবিধানিক সংস্থা। আমরাও এটা নিয়ে কনসার্ন। আমরা গেজেট নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছি।
প্রসঙ্গত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয় , জুলাই-আগস্টের গণহত্যার অভিযোগে দলটি এবং এর নেতাকর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ এর বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নামে কোনো ধরনের কার্যক্রম চালানোর সুযোগ নেই। আওয়ামী লীগ সরকারেরই করা সন্ত্রাসবিরোধী আইনে কিছুটা সংশোধনী এনে অন্তর্র্বর্তী সরকার এই উদ্যোগ নিলো।
গতকাল সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এর আগে শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। তখন জানানো হয়েছিল, পরবর্তী প্রথম কার্যদিবসে প্রজ্ঞাপন জারি করা হবে। যেহেতু গতকাল বৌদ্ধ পূর্ণিমার ছুটি ছিল এজন্য আজ প্রথম কার্যদিবসেই জারি হলো প্রজ্ঞাপন।