বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘নতুন বাংলাদেশের প্রত্যয়ে’ মিরপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আনন্দ র‍্যালিটি মিরপুর-পল্লবীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামের কথা তুলে ধরেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সেলিম, সাধারণ সম্পাদক আহসান এলাহী বাবুল, সাংগঠনিক সম্পাদক নাঈম হাসান, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও মাসুদুর রহমান খান, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর মামুন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির মাহফুজ খান সুমন এবং ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক লাইলী বেগমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

কর্মসূচিতে ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুন বলেন, বিএনপির ৪৮ বছরের পথচলা সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ইতিহাস। প্রতিষ্ঠালগ্ন থেকে দলটি গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তিনি উল্লেখ করেন।