দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট, আর্থ-সামাজিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলার অবনতি নিয়ে আলোচনার জন্য জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
গতকাল শুক্রবার রাষ্ট্রপতি বরাবর পাঠানো এক চিঠিতে তিনি এ অনুরোধ জানান। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে।
চিঠিতে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে। লাগামহীন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। একই সঙ্গে শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনগণ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
চিঠিতে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটকালে নীরব থাকার সুযোগ নেই। দেশের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদে অর্থবহ আলোচনা এবং দ্রুত সমাধানের পথ খুঁজে বের করা অত্যন্ত জরুরি।
দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ আনুষঙ্গিক সমস্যাগুলোর দ্রুত সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান।