বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব গতকাল শনিবার এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ৩৮টি ব্যাংক হিসাবের মধ্যে শেখ আব্দুল হান্নানের নামে পাঁচটি, তার ছেলে শেখ লাবিব হান্নানের নামে ১টি এবং ৩২টি ব্যাংক হিসাব আছে স্ত্রী তাহমিদা বেগমের নামে। এসব হিসাবে এক কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৩২২ টাকা রয়েছে।
দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক তানজিব হাসিব সরকার ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, শেখ আব্দুল হান্নান ক্ষমতার অপব্যবহার করে নিজ, পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তরের চেষ্টা চলছে জানিয়ে জরুরি ভিত্তিতে তা জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৫ মে শেখ আব্দুল হান্নান পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। পরদিন তার জমি, বাড়ি, ফ্ল্যাট জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত।
স্ত্রীসহ সাবেক এমপি আতিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ থাকায় শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. আতিউর রহমান আতিক এবং তার স্ত্রী শান্তনা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব গতকাল শনিবার এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মোজাম্মিল হোসেন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, আতিউর রহমান আতিক ও তার স্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিরাদের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। শেরপুর জেলার সদর আসনে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা পাঁচ মেয়াদে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন আতিকুর রহমান আতিক। দুইবার জাতীয় সংসদের হুইপও হয়েছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানুর কাছে নির্বাচনে পরাজিত হন তিনি।