জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও শুল্ক-কর কার্যালয়ে চলমান অচলাবস্থা নিরসনে অর্থ মন্ত্রণালয় নতুন করে ব্যাখ্যা দিল। সেখানে বলা হয়েছে, বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ও বিসিএস (কর) ক্যাডারের স্বার্থ অক্ষুণœ রেখে জাতীয় রাজস্ব বোর্ডকে শক্তিশালী করা হবে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সব সংশোধনী আনা হবে। এর পাশাপাশি একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে রাজস্ব নীতি পৃথক করার কাঠামো কীভাবে প্রণীত হবে, তা এনবিআর, রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি ও অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে, এ কথাও বলা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে। গতকাল রোববাার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় অর্থ মন্ত্রণালয়।

এর আগে বিকেলে এক সাংবাদিক সম্মেলনে নতুন কর্মসূচি দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ নেতারা। আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব দপ্তরে পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিয়েছে শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারীরা। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে তারা জানায়। এরপরই নড়েচড়ে বসে অর্থ মন্ত্রণালয়। সমঝোতার প্রক্রিয়া হিসেবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আন্দোলনকারীদের আশ্বাস দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়।

অর্থ মন্ত্রণালয় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআর সংস্কার ঐক্যপরিষদের সাম্প্রতিক সংবাদ বিজ্ঞপ্তি থেকে কিছু অস্পষ্টতা রয়ে গেছে, তা প্রতীয়মান হচ্ছে। এ বিষয়ে নি¤œরূপ অধিকতর স্পষ্টীকরণ করা হলো। এক, এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। দুই, বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ও বিসিএস (কর) ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ন রেখে এনবিআর শক্তিশালীকরণ এবং একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে রাজস্ব নীতি পৃথক করার কাঠামো কীভাবে প্রণীত হবে, তা এনবিআর, রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। তিন, এনবিআর শক্তিশালী করা এবং রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম পৃথক করার আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সব সংশোধনী আনা হবে। প্রয়োজনীয় সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না।

অর্থ মন্ত্রণালয় আরও বলেছে, সরকার আশা প্রকাশ করছে যে এই ঘোষণার মাধ্যমে কর এবং কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সব উদ্বেগের অবসান ঘটবে এবং দেশের রাজস্ব আহরণ ও রাজস্ব সেবা প্রদানকারী সব দপ্তর অবিলম্বে পূর্ণোদ্যমে কাজ শুরু করবে।

আন্দোলন স্থগিত : এদিকে আন্দোলন স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদ। এর ফলে আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব দপ্তরে পূর্ণদিবস কর্মবিরতির কর্মসূচিও প্রত্যাহার করা হলো। গতকাল রাত আটটার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর চেয়ারম্যানকে অপসারনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহবান জানানো হয়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। এর পর থেকে এর প্রতিবাদে নানা ধরনের কর্মসূচি পালন করে আসছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।

এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে গতকাল সারা দিন আগারগাঁওয়ের এনবিআর ভবনে কর্মবিরতি চলেছে। বেশির ভাগ শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারীরা এনবিআরের নিচতলায় প্রধান ফটকের পাশেই সারা দিন অবস্থান করেন। ফলে এনবিআরের কার্যক্রম কার্যত বন্ধ আছে। সকাল থেকে সরেজমিনে গিয়ে এই চিত্র পাওয়া গেছে। গত দুই দিন ধরে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান নিজের কার্যালয়ে আসেননি।

শুধু এনবিআর নয়, ঢাকা কাস্টমস হাউস, চট্টগ্রাম বন্দর, বেনাপোল, ভোমরা স্থলবন্দরসহ দেশের অন্যান্য শুল্ক স্টেশনেও গতকাল সারা দিন কর্মবিরতি চলে। গত কয়েক দিন ধরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই আন্দোলন চলছে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবি মূলত চারটি। প্রথমত, জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা; দ্বিতীয়ত, অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণ করা, তিন, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা, চার, এনবিআরে প্রস্তাবিত খসড়া ও পরামর্শক কমিটির সুপারিশ ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করা।