পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এছাড়া নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহর পরিবারের দেশত্যাগেও নিষেধাজ্ঞা এসেছে। গতকাল সোমবার দুদকের দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব। দেশত্যাগে নিষেধাজ্ঞায় পড়া অন্যরা হলেন- নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, তার স্ত্রী হালিমা সুলতানা জিনিয়া, ছেলে সাদ আল জাবির আব্দুল্লাহ, দুই মেয়ে লাবিবা আব্দুল্লাহ ও মোসাম্মৎ হাবিবুন নাহার।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের সহকারী পরিচালক সাজিদ-উর-রোমান ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুটি আবেদন করেন। এক আবেদনে বলা হয়, সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়ার বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যার অনুসন্ধান চলমান। তিনি দেশত্যাগ করার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন ঠেকানো প্রয়োজন।
আবু ইউসুফ পরিবারের নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, নর্দান ইউনিভার্সিটির চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগের অনুসন্ধান চলার মধ্যে তারা দেশত্যাগ করার চেষ্টা করছেন বলে দুদকের কাছে তথ্য রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো দরকার।
সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়া পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২২ আগস্ট তাকে অবসরে পাঠায় সরকার।
সাবেক বিজিবি প্রধান সাফিনুল ও স্ত্রীর আরও ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ
বডার গার্ড বাংলাদেশ-বিজিবির সাবেক মহাপরিচালক (ডিজি) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের আরও আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, এদিন দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, অভিযোগ ওঠা ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যার অনুসন্ধান চলমান। তাদের নামে কয়েকটি ব্যাংক হিসাব রয়েছে। দুদক জানতে পেরেছে, এসব হিসাব থেকে অর্থ স্থানান্তর বা হস্তান্তর করার চেষ্টা চলছে। সেই কারণে এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।
এর আগে গত ২৩ এপ্রিল সাফিনুল ইসলাম, সোমা ইসলাম ও তাদের ছেলে সামিন ইসলামের নামে থাকা ৫৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় একই আদালত। এসব হিসাবে তাদের ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৫৩ টাকা রয়েছে।
মেজর জেনারেল সাফিনুল ইসলাম ২০১৮ সালের ২৮ মার্চ বিজিবি মহাপরিচালক হিসেবে যোগদান করেন। ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি বিজিবি মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১৩ মার্চ সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ৯ মে তাদের জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
রাজউকের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর ও স্ত্রীর শেয়ার অবরুদ্ধের আদেশ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী গাজী রেবেকা রওশনের নামে থাকা বেনিফিশারি ওনার্স অ্যাকাউন্ট ও শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সংস্থার পরিচালক আবুল হাসনাত সিদ্দিকুর ও তার স্ত্রীর বেনিফিশারি ওনার্স অ্যাকাউন্ট ও শেয়ার অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করার অভিযোগ আছে। কেবল ছিদ্দিকুর রহমানের নামেই নয়, তার পরিবারের অন্যান্য সদস্যদের নামেও জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ আছে। এসব অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদকের তদন্ত দল।
অনুসন্ধানের উঠে এসেছে ছিদ্দিকুর ও তার স্ত্রীর নামে ১৩টি বেনিফিশারি ওনার্স অ্যাকাউন্টে বিপুল পরিমাণ শেয়ারের মালিকানা রয়েছে। এ ছাড়াও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, এফডিআর ও সঞ্চয়পত্রে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদ রয়েছে। তারা তাদের নামে থাকা বেনিফিশারি ওনার্স অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বিদেশে পাচারের চেষ্টা করছেন বলে দুদুক খবর পেয়েছে। এসব টাকা বিদেশে পাচার করলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। দুদক আবেদনে জানিয়েছ অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করা প্রয়োজন। এর আগে গত ১৭ এপ্রিল সিদ্দিকুর ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত।
গত বছরের এপ্রিলে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকারকে দুই বছর মেয়াদে রাজউক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। গত ৫ অগাস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে ১৯ সেপ্টেম্বর তার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। পরে আবার সেই প্রজ্ঞাপন বাতিল করে তাকে পুনর্বহালের কথা জানানো হয় ২২ সেপ্টেম্বর। চলতি বছরের মার্চে তার নিয়োগ বাতিল করে সরকার।