সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৭৪৪ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আছেন ১১৩০ এবং অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৬১৪ জন। গতকাল শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৩০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৬১৪ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৭৪৪ জনকে। অভিযানিক কার্যক্রমে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, তিনটি পিস্তল, একটি দেশীয় শুটারগান, তিনটি দেশীয় এলজি, তিনটি ম্যাগাজিন এবং ৩৮ রাউন্ড গুলী জব্দ করা হয়েছে। এই ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

এদিকে তেজকুনিপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর আনুমানিক সাড়ে ৪টায় তেজগাঁও সেনা ক্যাম্প থেকে পরিচালিত এ অভিযানে এসব উদ্ধার করা হয়। সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক দেওয়া একটি পোস্টে জানানো হয়েছে বাড়িটি থেকে ১টি বিদেশি পিস্তল, ১১টি বিভিন্ন ধরনের গুলী, ১২ গ্রাম ক্রিস্টাল মেথ এবং ৮২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। পোস্টে আরও বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। উদ্ধার করা অস্ত্র ও মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা সচেষ্ট। জনগণকে অনুরোধ করা হয়েছে, যদি কেউ কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম সম্পর্কে জানতে পারেন, তাহলে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিকভাবে জানাতে। উল্লেখ্য, রাজধানীতে সম্প্রতি অস্ত্র ও মাদকের মতো অপরাধমূলক কর্মকা- রোধে আইন-শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সম্মিলিত তৎপরতা জোরদার করা হয়েছে।