বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী জহিরুল ইসলাম মুসা।

গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের আদেশের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। আইনজীবী জহিরুল ইসলাম দাবি করেন, চাপ দিয়ে এ আদেশ নেয়া হয়েছে।

এর আগে হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট সরাসরি খারিজ করে আদেশ দেন।

এরপর ইশরাকের আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, এ আদেশের ফলে মেয়র পদে শপথে আর বাধা নেই। আগামী ২৬ মে’র মধ্যে ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলেও মন্তব্য করেন তিনি। তবে রিটকারি বলছেন তারা আপিল বিভাগে যাবেন। ফলে শপথ পড়ানো যাবে না।

এর আগে সকালে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করেন। এ সময় হাইকোর্ট বলেন, এই রিট করার এখতিয়ার না থাকায় রিটটি খারিজ করা হলো। একইসঙ্গে নির্বাচনী ফোরামের মামলা অন্য ফোরামে না গিয়ে এখানে আসা ঠিক হয়নি বলেও উল্লেখ করেন আদালত।

শুনানির পর আক্রমণাত্মক মন্তব্যে হাইকোর্টের ক্ষোভ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে করা রিট শুনানির পর আদালতকে উদ্দেশ করে আক্রমণাত্মক মন্তব্য করার অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। তবে বিষয়টি অপরিচিত কেউ করে থাকতে পারে বলে উল্লেখ করে সুপ্রিম কোর্ট বারের সভাপতি হিসেবে মন্তব্যকারীর পক্ষে আদালতে ক্ষমা চেয়েছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

গতকাল বৃহস্পতিবার রিটের আদেশ ঘোষণার আগে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী বলেন, আদেশের আগে আমার ব্রাদার জাজ আইনজীবীদের উদ্দেশে কথা বলবেন এবং তিনিই আজকের আদেশ ঘোষণা করবেন।

পরে বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী বলেন, গতকাল (বুধবার) শুনানি শেষ হবার পর কোনো একজন আদালতের বিষয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। এটি আমাদের নজরে এসেছে।

এসময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী বলেন, ক্লায়েন্ট আসবে যাবে। বার-বেঞ্চ থাকবে। পরে বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, তৃতীয় পক্ষ বা অপরিচিত বা সিজনাল কেউ বলতে পারে। তবে যেই বলুক তার পক্ষে নি:শর্ত ক্ষমা চাচ্ছি। এরপর বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী আদেশ ঘোষণা করেন। ইশরাক হোসেনের শপথ নিয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ (সামারিলি রিজেক্ট) করে আদেশ দেন।

এর আগে বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশের দিন পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেন হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার আদেশকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের প্রবেশের গেটগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়। সেই সঙ্গে মাজার গেট, বার কাউন্সিল গেটে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।

গত ১৪ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদের পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেছিলেন।