রাজধানী ঢাকায় নারীদের নিরাপদ যাতায়াতের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে বিশেষভাবে চালুকৃত ‘পিংক বাস’ প্রথম দিনেই দুর্ঘটনার শিকার হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে আনুষ্ঠানিক উদ্বোধনের পর যাত্রীসেবা শুরু করতেই বনানী এলাকায় বলাকা পরিবহনের একটি দূরন্তগতির বাস পিংক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য বলাকা পরিবহনের বাসটির বিরুদ্ধে তাত্ক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অর্থ জরিমানা করা হয়।

এর আগে মঙ্গলবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে নারীদের জন্য ডেডিকেটেড এই বিশেষ ‘পিংক বাস’ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নারীদের নিরাপত্তা অগ্রাধিকার দিয়ে চালু করা এই সার্ভিসের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো—এর চালক ও কন্ডাক্টর উভয়েই নারী কর্মী।

জানা গেছে, বাস সার্ভিসটি আনুষ্ঠানিকভাবে সড়কে নামার কিছুক্ষণের মধ্যেই বলাকা পরিবহনের দূরন্তগতির বাসটি এসে পিংক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। তবে সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উদ্বোধনের দিনেই এমন দুর্ঘটনার মুখোমুখি হওয়ায় সাধারণ মানুষ ও যাত্রীদের মধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। নতুন ও প্রশংসনীয় এই পরিবহন সেবাকে নির্বিঘ্ন রাখতে সড়কে অন্যান্য যানবাহনের চালকদের দায়িত্বশীল আচরণ, ট্রাফিক আইন মান্য করা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জোর দাবি উঠেছে।