সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অন্যতম সংগঠন সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস) এর গৌরবময় চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইসঙ্গে সমিতির নিজস্ব কার্যালয় (রুম) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় শহীদ সাংবাদিক হাসান মেহেদী অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়। প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত ও ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিশেষ আলোচক ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ড. ফরিদা ইয়াসমিন, দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক, আজকের পত্রিকার হেড অব এডুকেশন আব্দুল রাজ্জাকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, সাংবাদিকতা মানেই দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতা। সোকসাসের সদস্যরা যেভাবে সচেতনভাবে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। কলেজ প্রশাসন সবসময়ই তাদের পাশে থাকবে।

প্রধান আলোচক মাহমুদুর রহমান বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার অভ্যাস গড়ে তুলতে হবে এখন থেকেই। কলেজজীবন থেকেই দায়িত্বশীল সাংবাদিকতা শেখা গেলে, ভবিষ্যতে জাতীয় পর্যায়ের সাংবাদিকতায় নেতৃত্ব দেওয়া সম্ভব।

বিশেষ আলোচক শহিদুল ইসলাম বলেন, যেকোনো ভালো সাংবাদিকতার শুরু হয় ক্যাম্পাস থেকেই। সোকসাস সেই জায়গা থেকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি নৈতিক দায়িত্ব। তরুণরা যদি এই মূল্যবোধ নিয়ে এগিয়ে আসে, তবে গণমাধ্যম আরও শক্তিশালী হবে।

সোকসাসের সভাপতি ইয়াসিন মোল্লা বলেন, গত তিন বছর ধরে আমরা তথ্যভিত্তিক সাংবাদিকতা, শিক্ষামূলক প্রতিবেদন ও ক্যাম্পাস বিষয়ক নানা ইস্যুতে কাজ করেছি। আজ আমাদের নিজস্ব কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সেই পথচলা আরও সুদৃঢ় হলো। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি, বাঙলা কলেজ সাংবাদিক সমিতি, ইডেন মহিলা কলেজ সাংবাদিক সমিতি, বদরুন্নেসা কলেজ সাংবাদিক সমিতি, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান সাংবাদিক সদস্য, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানের শেষপর্বে কেক কেটে সোকসাসের ৩য় বর্ষপূর্তি এবং ৪র্থ বর্ষে পদার্পণ উদযাপন করা হয় এবং নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উল্লেখ্য, সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি প্রতিষ্ঠার পর থেকেই তথ্যচর্চা, শিক্ষামূলক প্রতিবেদন ও সচেতনমূলক সাংবাদিকতায় সক্রিয় ভূমিকা রেখে আসছে। নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে তারা আরও সংগঠিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।