ঢাকা-৪ আসনের উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।
গতকাল সোমবার নিজের প্রতিদ্বন্দ্বি প্রার্থী ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে তিনি এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন জানান, ঢাকা-৪ আসনের সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ গ্যাস ও পানির সংকট, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকা-, ছিনতাইসহ বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করলে মানুষের প্রত্যাশিত সেবা প্রদান করা সম্ভব হবে। তিনি বলেন, একজন জনপ্রতিনিধি কখনো একক প্রচেষ্টায় সমাজের সকল সমস্যা সমাধান করতে পারে না। বরং জনগণের স্বার্থে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে সমান ভূমিকা রাখতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় ঢাকা-৪ সংসদীয় এলাকাকে একটি আলোকিত ও শান্তির নীড় হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি ঢাকা-৪ আসনের জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে পরস্পর সহযোগিতার অঙ্গীকার ব্যত্যয় করেন। এসময় স্থানীয় জামায়াত ও বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।