আসন্ন 'ক্লিনিং ডে' উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার সকল নাগরিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মার্কেটসমূহ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য কিছু নির্দেশনা দিয়েছে।
এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগরীকে পরিচ্ছন্ন রাখার উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে ফলপ্রসূ করার লক্ষ্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ হিসেবে ঘোষণা করেছেন।
এই ঘোষণা অনুযায়ী, আগামী ৯ মে ২০২৬ (শনিবার) ডিএসসিসি এলাকায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে 'ক্লিনিং ডে’' পালন করা হবে।
'ক্লিনিং ডে' তে করণীয়ঃ
✅ সকল সম্মানিত নাগরিককে নিজ নিজ বাসভবন, ভবনের ছাদ এবং বাসার চারপাশ পরিষ্কার রাখার অনুরোধ জানানো হচ্ছে। ফুলের টব, টায়ার, ডাব বা নারিকেলের খোসা ইত্যাদিতে জমে থাকা পানি অপসারণের মাধ্যমে মশার প্রজননক্ষেত্র নির্মূল নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, এডিস মশা পরিষ্কার ও স্বচ্ছ পানিতে ডিম পাড়ে।
✅ ডিএসসিসি এলাকার সকল সরকারি-বেসরকারি দপ্তর, কোয়ার্টার, স্কুল-কলেজ-মাদ্রাসা, রাজউক ও রিহ্যাবের আওতাধীন এলাকা এবং ব্যক্তি মালিকানাধীন প্লটসমূহে স্ব-স্ব উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।