বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আজকে যে সঙ্কট সৃষ্টি হয়েছে তার সমাধান একটিই, আর তা হলো- গণতান্ত্রিক উত্তরণ। তিনি বলেন, এই মুহূর্তে শুধু সরকার বা রাজনৈতিক দল নয়, দেশের গণমানুষকেও সচেতন থাকতে হবে। ২৪ সালের জুলাইয়ের ঘটনা এবং ৫ আগস্টে দেশে যে পরিবর্তন এসেছিল, তার ৯ মাস পর দেশ এমন পরিস্থিতিতে এসে কীভাবে দাঁড়ালো? দেশের ১৮ কোটি মানুষের সামনে একটি মাত্র সমাধান-গণতন্ত্রের উত্তরণ। এছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই।’
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ আয়োজিত ‘গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় ড. মঈন খান এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিগত ১৫ বছরে নির্বাচন সঠিক হয়নি। তাই দেশ সঠিক পথে যেতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, ‘আগে বিচার বিভাগকে কুক্ষিগত করে রাখা হতো। এখনো যদি তাই হয়, তাহলে পরিবর্তন কোথায়?’ গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচনের বিষয় মাথায় রেখে সব সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই সবকিছুতে একমত না হওয়ারই কথা। ডাইভার্সিটি ভুলে গিয়ে ইউনিটি করতে গেলেই স্বৈরাচারের জন্ম হয়।