অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। উপদেষ্টা এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী গৃহীত বিভিন্ন সংস্কার উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি সাংবাদিকদের দায়িত্ব ও সুরক্ষা সংক্রান্ত একটি অধ্যাদেশ প্রণয়নের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান।
জুলাই মাসের গণঅভ্যুত্থানের তথ্য প্রচারে মন্ত্রণালয়ের ভূমিকা তুলে ধরে উপদেষ্টা বলেন, এই ঘটনাপ্রবাহের ওপর বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র তৈরি ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। পাশাপাশি, এ বিষয়ে কিছু প্রকাশনাও তৈরি করা হয়েছে। আগামী ৫ আগস্টের উদযাপন উপলক্ষে আরও কিছু প্রামাণ্যচিত্র ও প্রকাশনা তৈরি করা হবে বলেও তিনি জানান। গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে উপদেষ্টা জোর দিয়ে বলেন, দেশের গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় কাজ করছে। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করে এ সাফল্যের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি ব্রিটিশ গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার বিষয়ে তার অভিজ্ঞতা বিনিময় করেন এবং বাংলাদেশের গণমাধ্যমের উন্নয়নে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎকালে দুদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় ব্রিটিশ হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি এলি বুট উপস্থিত ছিলেন।