বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গতকাল রোববার প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক সময়ে মিরপুরের শাহ আলী মাজারে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হচ্ছে, তা সম্পূর্ণ অপ্রমাণিত, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল, গণতান্ত্রিক ও আদর্শিক রাজনৈতিক সংগঠন। দলটি কখনো মাজার, ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ধর্মীয় অধিকার ও স্বাধীনতায় হস্তক্ষেপ করে না এবং হামলা-সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে না।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি কবি ও চিন্তক ফরহাদ মজহার সাহেব জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে বক্তব্য প্রদান করেছেন, তা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। বিশেষ করে কোনো নিরপেক্ষ তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই একটি দায়িত্বশীল রাজনৈতিক দলকে দায়ী করে বক্তব্য প্রদান একজন সচেতন বুদ্ধিজীবী ও চিন্তকের কাছ থেকে জাতি প্রত্যাশা করে না। আমরা মনে করি, এ ধরনের বক্তব্য সমাজে বিভ্রান্তি, বিভাজন ও অস্থিরতা সৃষ্টি করতে পারে।

এডভোকেট জুবায়ের বলেন, দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় সকলের উচিত দায়িত্বশীল আচরণ করা এবং যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন থেকে বিরত থাকা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় শান্তি, সহনশীলতা, সম্প্রীতি ও আইনের শাসনে বিশ্বাসী উল্লেখ করে শাহ আলী মাজারে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত ও বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।