উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেট অঞ্চলের নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এখনো কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম না করলেও পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বিভাগটির বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার (২৫ মে) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সিলেটে ১৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগে গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৩৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উজানের ভারতীয় অঞ্চল মেঘালয়ে ভারী বর্ষণ হওয়ায় এর প্রভাব পড়ছে সীমান্তবর্তী নদীগুলোতে।

পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণে দেখা গেছে, সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, পিয়াইন ও লোভা নদীর বিভিন্ন পয়েন্টে পানির স্তর বাড়ছে। তবে এখন পর্যন্ত সব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, মেঘালয়ে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণেই নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। তিনি জানান, বন্যা পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে উজানের বৃষ্টিপাতের ওপর।

তবে আপাতত বড় ধরনের বন্যার আশঙ্কা দেখছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের ভাষ্য, নদীর পানি দ্রুত নিম্নাঞ্চলে নেমে যাওয়ায় পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। তারপরও টানা বৃষ্টি অব্যাহত থাকলে নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার ঝুঁকি বাড়তে পারে।