সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নিতে ভারত গেল বাংলাদেশ টেবিল টেনিস (টিটি) দল। ভালো ফলাফলের প্রত্যাশায় ভারতের হিমাচল প্রদেশের শিমলার উদ্দেশে সোমবার দেশ ছেড়েছে বাংলাদেশ যুব টিটি দল। ৩০তম এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দক্ষিণ এশীয় অঞ্চলের বাছাইপর্ব হিসেবে আগামী ৮ থেকে ১১ এপ্রিল ভারতের শিমলায় অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। বাংলাদেশ ছাড়াও এতে অংশ নিচ্ছে স্বাগতিক ভারতসহ সার্কভুক্ত সবদেশ। প্রতিযোগিতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ বালক ও বালিকা বিভাগে সিঙ্গেলস, ডাবলস, মিক্সড ডাবলস এবং টিমস ইভেন্টে অংশগ্রহণ করবে। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)-এর সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেটের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল শিমলায় যাচ্ছে। দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন ও বিটিটিএফ এর ২য় সহ-সভাপতি তাহমিনা তারমিন বিনু। কোচ হিসেবে থাকছেন বিকেএসপির ধনঞ্জয় শীল তীর্থ এবং আইটিটিএফ লেভেল-২ কোচ রিগ্যান বড়ুয়া।

বাংলাদেশ যুব দলের অনূর্ধ্ব-১৯ বালক দলের খেলোয়াড়রা হলেন- মো. নাফিজ ইকবাল (অধিনায়ক), আবুল হাসেম হাসিব, মো. তাহমিদুর রহমান সাকিব ও মো. জয় ইসলাম। অনূর্ধ্ব-১৯ বালিকা দলের খেলোয়াড়রা হলেন- খই খই সাই মারমা (অধিনায়ক), রেশমী তনচংগ্যা, ঐশী রহমান ও নুসরাত জাহান। অনূর্ধ্ব-১৫ বালক দলের খেলোয়াড়রা হলেন- মো. শাহীন আহম্মেদ (অধিনায়ক), মো. মিদুল রহমান, তামজিদুল ইসলাম পরশ ও রাব্বি ইসলাম। অনূর্ধ্ব-১৫ বালিকা দলের খেলোয়াড়রা হলেন- মোছা. রাফিয়া চৌধুরী (অধিনায়ক), জান্নাত ইসলাম রোজা, মোসাম্মদ জান্নাতুল রোজা ও সাবিহা আক্তার পাপিয়া।

যুব দলের মোট ১৬ জন টেবিল টেনিস খেলোয়াড়ের মধ্যে ১২ জনই বিকেএসপির বর্তমান এবং ২ জন প্রাক্তন শিক্ষার্থী রয়েছে; যাদের মধ্যে ১ জন বাংলাদেশ সেনাবাহিনী এবং ১ জন গ্রিন টেবিল টেনিসকে প্রতিনিধিত্ব করছেন। বাকি ২ জনের মধ্যে ১ জন বাংলাদেশ সেনাবাহিনীর ও ১জন রংপুর টেবিল টেনিস সংস্থার।